কলকাতা

নিউটাউন-আলিপুরে সিবিআই তল্লাশি, ইডির পর ফের কেন্দ্রীয় এজেন্সির নড়াচড়া বাংলায়

বাংলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। ইডির পর এবার শহরে তল্লাশি অভিযানে নামল সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে বৃহস্পতিবার কলকাতা ও নিউটাউন মিলিয়ে মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, এ দিন আলিপুর নিউ রোডে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়ে তল্লাশি শুরু করে সিবিআই। ওই এলাকায় নিশা কেজরিওয়ালের বাসভবনে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। তিনি মূলত আলিপুর নিউ রোডের ২৮ নম্বর প্লটের একটি বহুতল বিলাসবহুল আবাসনে থাকেন। তল্লাশির সময় বাড়ির বাইরে ছয় জন আধা সেনা মোতায়েন ছিল এবং ভিতরে ছিলেন আরও দু’জন জওয়ান।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক প্রতারণা মামলায় কার কার কাছে আর্থিক লেনদেন হয়েছে, সেই সূত্র খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান। কোন কোন অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং তার পিছনের নথিপত্র যাচাই করাই মূল লক্ষ্য বলে তদন্তকারী সূত্রের দাবি।

উল্লেখযোগ্য ভাবে, ঠিক এক সপ্তাহ আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেদিন প্রথমে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান ইডি আধিকারিকরা। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি সবুজ ফাইল হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন বলে জানা যায়।

এরপর ইডি অভিযোগ তোলে, মুখ্যমন্ত্রী তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন। যদিও সেই অভিযোগ নাকচ করে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি ছিল, ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কৌশল ও নথি কেন্দ্রীয় এজেন্সি ‘চুরি’ করে নিয়ে গিয়েছে।

ইডি-র তল্লাশির রেশ কাটতে না কাটতেই এবার সিবিআই-এর অভিযান ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির লাগাতার তৎপরতা নিয়ে শাসকদল ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.