বিনোদন

দেখছিস বিনোদ! ফুলেরায় পা রেখে কুর্তা-গামছায় চায়ের আড্ডায় মাতলেন কেভিন পিটারসেন

ক্রিকেট পিচ ছেড়ে এবার সোজা ভারতের সবচেয়ে জনপ্রিয় কাল্পনিক গ্রাম ‘ফুলেরা’-য় হাজির হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট তারকা কেভিন পিটারসেন! আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত সিজন ৫’। আর তার আগেই এক মনছোঁয়া ও মজাদার প্রমোশনাল ভিডিওতে ফুলেরাবাসীদের সাথে মিশে গিয়ে দর্শকদের চমকে দিলেন পিটারসেন।
ভিডিওটিতে কেভিন পিটারসেনকে দেখা গেছে একদম খাঁটি ফুলেরাবাসীর বেশে। পরনে ঐতিহ্যবাহী কুর্তা-পায়জামা, মাথায় বাঁধা গামছা আর মুখে দাঁতন! গ্রামের আইকনিক জলের ট্যাঙ্কির নিচে বসে ভুটকুনের দোকানের চা পিরিচে ঢেলে চুমুক দিতে দিতে তিনি সেই জলের ট্যাঙ্কিকে প্যারিসের আইফেল টাওয়ারের সাথে তুলনা করেন। শুধু তাই নয়, পঞ্চায়েত অফিসের মিটিংয়ে যোগ দিয়ে গ্রামের নতুন নেতৃত্বের হালহকিকতও খতিয়ে দেখেন তিনি।
প্রাইম ভিডিওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করে মজার ছলে ক্যাপশন দেওয়া হয়েছে— “দেখ রাহা হ্যায় বিনোদ, কেভিন পিটারসেনজি কিতনা প্যায়ার করতে হ্যায় ফুলেরা সে!” (দেখছিস বিনোদ, কেভিন পিটারসেনজি ফুলেরাকে কতটা ভালোবাসেন)। ভিডিওর শেষে পিটারসেন যখন ভক্তদের নতুন সিজন দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিতে যান, তখন গ্রামের নতুন প্রধান তাঁকে আটকে দেন এবং যাওয়ার আগে আরও কয়েকটি রিল বানানোর আবদার করেন। শুটিংয়ের ফাঁকে বনরাকাস (দুর্গেশ কুমার) ও বিনোদের (অশোক পাঠক) সাথে তোলা একটি দারুণ ছবিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিটারসেন।
এদিকে, ‘পঞ্চায়েত সিজন ৫’-এর ট্রেলারেই মিলেছে বড়সড় পালাবদলের ইঙ্গিত। দীর্ঘদিনের প্রধান ব্রিজ ভূষণ দুবেকে (রঘুবীর যাদব) সরিয়ে এবার প্রধানের চেয়ার দখল করেছে বনরাকাস। অন্যদিকে, সচিবজি (জিতেন্দ্র কুমার) ও রিঙ্কির (সানভিকা) সম্পর্কেও দেখা দিয়েছে নতুন জটিলতা। গ্রামীণ রাজনীতি, নির্মল হাস্যরস আর আবেগের মেলবন্ধনে তৈরি এই নতুন সিজন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আর তার ঠিক আগে পিটারসেনের এই আন্তরিক উপস্থিতি ভক্তদের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.