দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান! ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা গেলেন অবিভক্ত মেদিনীপুর জেলার জনপ্রিয় এবং প্রভাবশালী বামপন্থী নেতা দীপক সরকার। সোমবার রাতে তাঁর প্রয়াণের খবর আসতেই জেলা জুড়ে বাম শিবিরে নেমে আসে গভীর শোক। তিনি সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন এবং দীর্ঘকাল জেলার সম্পাদক পদেও দায়িত্ব সামলেছেন। সহজ-সরল জীবনযাপন এবং নিয়মানুবর্তিতার জন্য তিনি দলীয় কর্মীদের মধ্যে খুব পরিচিত ছিলেন।
নেতার চেষ্টাতেই জন্ম বহু প্রতিষ্ঠানের রাজনীতির বাইরেও জেলার উন্নয়নে দীপক সরকারের অবদান ছিল বিশাল। তাঁর উদ্যোগেই তৈরি হয়েছিল আজকের মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমি-এর মতো বড় বড় প্রতিষ্ঠান। শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন এবং বিদ্যাসাগর ইনস্টিটিউট গড়ার পেছনেও তাঁর বড় ভূমিকা ছিল। ট্রেড ইউনিয়ন নেতা হিসেবেও তাঁর খ্যাতি ছিল। দল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেলা অফিসে তাঁর দেহ রাখা হবে। এরপর তাঁকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে ঘোরানো হবে এবং তাঁর শেষ ইচ্ছাপূরণ করতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ দান করা হবে।







