‘দুয়ারে সরকার’ পরিষেবার মেয়াদ বাড়াল রাজ্য সরকার। পূর্বে একদফা বাড়িয়ে ৫ ডিসেম্বর অবধি করা হয়। দু’দিন পূর্বেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার পরিবেষার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছিলেন। এবার শুক্রবার নবান্নের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হল। উল্লেখ করা হয়, গোটা ডিসেম্বর মাস জুড়েই এই পরিষেবা মিলবে রাজ্যবাসীর জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য, দুয়ারে সরকারের চতুর্থ দফা পর্যন্ত ২৫ রকম পরিষেবা অন্তর্ভুক্ত ছিল। পঞ্চম দফায় আরও কয়েকটি পরিষেবা যুক্ত করা হয়েছে। জমির পাট্টার জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকারের ক্যাম্পে। পাশাপাশি, বিদ্যুৎ বিল মেটানোর ব্যবস্থাও থাকছে। সম্প্রতি আবার এই ক্যাম্প থেকেই ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা প্রচারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই সবুজ সাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে। রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পও নজর কেড়েছে। সম্প্রতি বারাসাত দু’নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার প্রকল্প পরিদর্শন করেছিলেন ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান। তিনি এই কাজ দেখে মুগ্ধ হন।







