প্রস্তুতি ছিল তুঙ্গে! রেড রোডে দুর্গাপুজোর মেগা কার্নিভাল রীতিমতো চমকের সৃষ্টি করল। বিশ্ববাংলার বিচারে কলকাতার সেরা পুজোর তকমা পাওয়া ৯৯ টি কমিটিই উপস্থিত হয়েছিল কার্নিভালে। প্রতিমা প্রদর্শনের পাশাপাশি ‘হেরিটেজ অলিন্দের আদলে’ বানানো মঞ্চে বঙ্গ-সংস্কৃতির উপস্থাপনা। আর গতকালের এই কার্নিভাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে।
কখনও তিনি সকলের সঙ্গে মিশে ছবির জন্য পোজ দেন, কখনও আবার ঠাট্টাতেও মেতে ওঠেন। ধামসা মাদলের ছন্দে পা মেলাতেও সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্নিভালের সাফল্যের কথা শোনালেন ফিরহাদ হাকিম। তাঁর উবাচ, ‘আগের বছর পুজোতে ৪০ হাজার কোটি টাকার ব্যবসা ছিল। ৫ বছরের মধ্যে ১ লক্ষ কোটি টাকা হবে। ৫০ হাজার কোটি পুজোর কেনাকাটা আর ৫০ হাজার কোটি টাকা পর্যটন থেকে আসবে। বাংলায় দুর্গাপুজোকে কেন্দ্র করে এত বড় শো অ্যান্ড আর্ট কালচার দেখিনি, প্রচুর বিদেশি পর্যটক বলছিল, এই কার্নিভাল পৃথিবীর সব থেকে বড়।’
প্রায় ৫ ঘণ্টা ধরে চলে এই মেগা কার্নিভাল। বিকেল সাড়ে চারটে নাগাদ তা শুরু হয়। শেষ হয় প্রায় রাত ৯:১৫ নাগাদ। উল্লেখ্য, এক অদ্ভুত বৈপরীত্য দেখা গেছে এবারে। মালবাজারের এহেন ঘটনার জেরে জলপাইগুড়িতে কার্নিভাল বন্ধ রাখা হয়, কিন্তু উত্তরবঙ্গের অন্য জেলাগুলোতে যথারীতি কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে সমালোচনার রোল সর্বত্র।







