কলকাতাজেলা

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বিল্ডিংয়ে দুর্ঘটনা, ক্যাটেল ছিঁড়ে পড়ে মৃত ২ শ্রমিক

পেটের দায়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই শ্রমিক। মধ্যমগ্রামের গঙ্গানগরে নির্মীয়মাণ একটি বিল্ডিং থেকে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক। তাঁর পরিস্থিতিও আশঙ্কাজনক।

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ে রং করার কাজ করতে গিয়েছিলেন তিন শ্রমিক। কাজের জন্য তাঁরা একটি ক্যাটেলে ওঠেন। আচমকাই ক্যাটেলের তার ছিঁড়ে সেটি নীচে পড়ে যায়। সাধারণত ওই ক্যাটেলে একসঙ্গে আটজন পর্যন্ত ওঠা সম্ভব। কিন্তু তিনজন শ্রমিক ওঠার পরই ঘটে বিপত্তি।

দুর্ঘটনার পরই নির্মীয়মাণ ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তারক্ষীদের দাবি, তাঁরা আচমকা বিকট শব্দ শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার ছিঁড়ে ক্যাটেলটি নীচে পড়ে রয়েছে। একজন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। তৃতীয় শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

যে সংস্থার অধীনে ওই শ্রমিকরা রংয়ের কাজ করতে এসেছিলেন, তাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই নির্মীয়মাণ ভবনে একই ধরনের দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাঁদের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে পরীক্ষা করা হয় না। যে ক্যাটেলে চড়ে শ্রমিকরা কাজ করছিলেন, সেটি নিরাপদ কি না, তা যাচাই না করেই তাঁদের কাজে পাঠানো হয়েছিল বলেও অভিযোগ স্থানীয়দের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.