নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল ১৭ জুন। প্রথম ক’দিন ভারী বর্ষণ হলেও মাঝপথেই যেন গতি হারিয়েছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে ফের একবার চাঙ্গা হয়ে উঠতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের সতর্ক বার্তা, মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা।
আবহবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে—বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার সঙ্গে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিত মিলেছে। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে তা নিম্নচাপে রূপ নিতে পারে। তার জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। ফলে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বহু জেলায় হতে পারে প্রবল বর্ষণ।
বিশদে বললে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব-পশ্চিম বর্ধমানে। বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি ও হাওড়ায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পশ্চিমের প্রায় সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট চোখে পড়ার মতো। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা—সব ক’টি জেলাতেই মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হতে পারে অতি ভারী বর্ষণ। দার্জিলিং ও কালিম্পংয়ে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
তবে বৃষ্টির স্বস্তির মধ্যেও রয়েছে অস্বস্তি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অত্যধিক থাকায় অস্বস্তিজনক পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হচ্ছে বর্ষার ঘনঘটা। প্রস্তুত থাকুন, ছাতা-রেনকোট যেন কাছছাড়া না হয়!







