ইতিমধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বাংলার উপকূলের দিকে মারাত্মক শক্তিপ্রবণ ভাবে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। রবিবার ভোররাত থেকেই রেমালের প্রভাব চোখে পড়ছে জেলায়-জেলায়।
বেলা যত বাড়বে দুর্যোগও ততই বাড়বে বলেই এমনটাই আশঙ্কা করা হচ্ছে। রেমালের আশঙ্কায় এবার কাকদ্বীপ, সাগর, ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলের প্রশাসনেরা বিভিন্ন জায়গায় নোটিশ দ্বারা বন্ধ করে দিল ভেসেল পরিষেবা।
রবিবার সকাল থেকেই সাগর, নামখানা, বকখালি-সহ বিভিন্ন জায়গার মুখ বেশ ভার আকাশের। ঘন কালো মেঘেরা রাজত্ব করছে গোটা আকাশ। কোথাও ঝিরিঝিরি বৃষ্টি তো কোথাও আবার গুমোট গরম বাতাস বয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় সর্বত্র।
ডায়মন্ড হারবার, কাকদ্বীপ আট নম্বর লট, কচুবেড়িয়ায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। সাগরদ্বীপে রবিবার সকাল পর্যন্ত ফেরি সার্ভিস স্বাভাবিক থাকলেও তাও দ্রুত বন্ধ করে দেওয়া হতে পারে। আবহাওয়া আর একটু বদল হলেই বন্ধ করে দেওয়া হবে ফেরি সার্ভিস, নোটিশ দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে এলাকাবাসীকে।







