কথায় আছে পায়ের তলায় সর্ষে ,অর্থাৎ যারা মূলত ভ্রমণপিপাসু হয় তাদের ক্ষেত্রে এই কথাটি বলা হয়। পাহাড় নাকি সমুদ্র, ভ্রমণপ্রিয় মানুষদের ক্ষেত্রে এই দ্বন্দ্ব যেন চিরকালীন বিরাজমান। তাই মনের থেকে চটজলদি দ্বন্দ্ব কাটিয়ে বেড়িয়ে পড়ুন এমন সব জায়গায় যেখানে মরুভূমি ও সাগর একসাথে দৃশ্যমান। বলা বাহুল্য, দুটি স্থানের নাম মাথায় এলে দ্বন্দ্ব বাঁধবেই। অনেকেই হয়তো ভাবছেন, একসাথে দুটো জায়গায় গেলে বাজেট, সময় ও খরচ দ্বিগুণ হয়ে পড়লে সামলানো কঠিন হয়ে পড়বে। তাঁদেরকে আজ এমন কয়েকটি স্থানের সন্ধান দেব, যেখানে সমুদ্র এবং মরুভূমি পাশাপাশি অবস্থান করছে।
আফ্রিকা:
প্রথমেই যে স্থানটির কথা বলব সেটি হল আফ্রিকার সাহারা মরুভূমি। এখানে আটলান্টিক মহাসাগর মিলিত হয় সাহারা মরুভূমিতে। পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগরকে নিয়ে যুগের পর যুগ ধরে বিরাজমান এই সাহারা মরুভূমি। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর আটলান্টিক মহাসাগর এবং আটলাস পর্বতমালার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু পুরোনো পাথরের স্মৃতিস্তম্ভ। এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি শহর যা সৌন্দর্য্যে ভরপুর।
আতাকামা মরুভূমি:
উত্তর চিলির কাছে আতাকামা মরুভূমি মিলিত হয়েছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে। এই এলাকাটি বিখ্যাত ভূতুরে শহর নামে। এখানকার বিশালাকার পাহাড় এবং সমুদ্র সৈকতে আছড়ে পড়া ঢেউ দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই স্থানটি অনেকটা চাঁদের মতো দেখতে । রাতের বেলা এই এলাকাটিকে আরও মায়াবী দেখতে লাগে। যেনো মনে হয় কোনো রূপকথার নগরী।
অ্যান্টার্কটিকা:
মরুভূমি মানেই আমরা বুঝি গরম,রুক্ষ ও শুষ্ক। তবে আন্টার্কটিকার মেরু অঞ্চলের মরুভূমি কিন্তু সেই চির চেনা পরিচিত মরুভূমির থেকে বেশ আলাদা। এই মরুভূমি বরফে ঢাকা ও কনকনে ঠান্ডা। পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়েই রয়েছে মেরু দেশের মরুভূমি। তবে এখানে অবস্থিত ম্যাকমুর্ডো শুষ্ক উপত্যকার এলাকায় মরুভূমিটি যখনই বরফহীন হয়ে পড়ে, তখনই সেটি মিলিত হয় অ্যান্টার্কটিকার উপকূলবর্তী সমুদ্রে। মেরু দেশের সঙ্গে সমুদ্রের এই মিলন স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।







