অভয়া কাণ্ডের পর কেটে গিয়েছে দু’বছরেরও বেশি সময়। ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে সেই রায়ে সন্তুষ্ট নন অভয়ার পরিবার। মেয়ের ন্যায়বিচারের দাবিতে রাজনীতির ময়দানে পা রেখেছেন অভয়ার মা রত্না দেবনাথ। কিন্তু তদন্তের অগ্রগতি নিয়েও এখনও তাঁর ক্ষোভ রয়েছে। সম্প্রতি জমা দেওয়া চার্জশিট নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পানিহাটির বিধায়ক। তাঁর দাবি, ‘‘এই চার্জশিটে কিছুই নেই। দু’বছর ধরে তো এটাই দেখছি।’’ তবে তদন্ত কমিটির উপর এখনও তাঁর আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
২০২৪ সালের ৯ আগস্ট। আর জি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে শুরু থেকেই পরিবারের দাবি ছিল, এই ঘটনার পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে। পরিবারের যুক্তি ছিল, অভয়ার উপর যে ধরনের নৃশংসতা চালানো হয়েছে, তা একজনের পক্ষে করা সম্ভব নয়।
পরবর্তীতে পরিবারের আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তেও এখনও পর্যন্ত নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এই ঘটনায় আর কাউকেও গ্রেফতার করা হয়নি। এমন পরিস্থিতিতেই চলতি বছরের গোড়ায় বিজেপিতে যোগ দেন অভয়ার মা। তখনই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, মেয়ের সুবিচারের দাবিতেই তাঁর রাজনীতিতে আসা। সেই সিদ্ধান্ত ঘিরে অবশ্য রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। বর্তমানে তিনি পানিহাটির বিধায়ক।
মঙ্গলবার শিয়ালদহ আদালতে আর জি কর মামলায় ১৩তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, তদন্তকারীরা একাধিক নথি, সিসিটিভি ফুটেজ, মেডিক্যাল রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখেছেন। এমনকি যে শ্মশানে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেখানেও গিয়ে তদন্ত করেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। মনে করা হচ্ছে, সেই তদন্তে পাওয়া কিছু তথ্যও স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
সিবিআইয়ের আইনজীবী আরও জানান, পরিবারের তরফে যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, সেগুলিও তদন্তের আওতায় আনা হয়েছে। কয়েকটি বিষয়ে এখনও তদন্ত চলছে বলেও আদালতকে জানানো হয়েছে।
তবে এই রিপোর্টে বিন্দুমাত্র সন্তুষ্ট নন অভয়ার মা। এদিন তিনি বলেন, ‘‘এই চার্জশিট দু’বছর ধরে দেখছি। এই চার্জশিটে কিছুই নেই। কিছুই হল না। হাই কোর্টে কী চার্জশিট জমা পড়ল, তা বিচারপতিরা দেখান না। কিন্তু বিচারপতিরাও এই চার্জশিটে সন্তুষ্ট নন।’’
পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে নতুন করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, ‘‘নতুন করে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে স্বাস্থ্য দফতর থেকে। দেখা যাক কী হয়।’’







