নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তিনি শেষ করেছেন তাঁর এবারের পুজোয় আসন্ন দশম অবতারের শুটিং।বুধবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর তা দেখেই পরিচালক মশাইয়ের শারীরিক অবস্থা নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন ছড়ায়। ফেসবুকের পোস্ট করে সৃজিত ইংরেজিতে যা লিখেছেন, তার বাংলা করলে এরকম পাওয়া যায় যে, ‘‘অন্ধকার নামছে, এতই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।’’ ওই পোস্টে তাঁর অনুরাগীদের একাংশ পরিচালকের কাছে কী হয়েছে জানতে চাইলেও তিনি নীরব থেকেছেন।
তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রচন্ড জ্বরে কাহিল পরিচালক মশাই। সৃজিত এর আসন্ন ছবির দশম অবতারের আর মাত্র এক দিনের আউটডোর শুটিং বাকি। আর সেটির হওয়ার কথা ছিল উত্তরবঙ্গে । সেই সূত্রে সেখানে যোগ দেওয়ার কথা ছবির অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানের। বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে পাড়ি দেওয়ার কথা ছিল পুরো শুটিং ইউনিটের। কিন্তু পরিচালকের শরীর এতটাই খারাপ যে, শুটিং শিডিউল বাতিল করতে হয়েছে।
সূত্রের খবর, অসুস্থ শরীর নিয়ে সৃজিতকে শুটিংয়ের অনুমতি দেননি ডাক্তার। তাই আপাতত বিশ্রামে তিনি। তবে শোনা গিয়েছে, পরিচালক সুস্থ হলেই চলতি মাসের শেষে আউটডোর সারার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য গত জুন মাসেও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন পরিচালক লিখেছেন, ‘‘ভেবেছিলাম কাজে বেরোব। কিন্তু হৃদয় পরিবর্তন হল।’’ পরে জানা যায়, পরিচালক হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। পরে ডাক্তারের পরামর্শে অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়। কিন্তু পরীক্ষায় কিছু ধরা পড়েনি। আপাতত সবাই পরিচালকের সুস্থ হয়ে আবার ফ্লোরে ফেরার অপেক্ষায় রয়েছেন।







