নিজস্ব সংবাদদাতা : আর বেশি দেরি নেই হাতের মুঠোয় চাঁদকে পাওয়ার। এমনটাই আশ্বাস দিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি চন্দ্রযান-৩। আজকে মহাকাশে চন্দ্রযান থেকে ল্যান্ডার আলাদা হয়ে গিয়েছে। আগামী বুধবার চাঁদে নামবে চন্দ্রযান – ৩ এর ল্যান্ডার ‘বিক্রম’।
ইসরোর তরফ থেকে জানানো হয়েছে যে মূল মহাকাশযান থেকে ল্যান্ডার‘বিক্রম’বিচ্ছিন্ন হয়ে গেছে। যার প্রাথমিক গন্তব্য হলো চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উপরের কক্ষপথে। তার পর সেখান থেকে ধাপে ধাপে চাঁদের মাটিতে তাকে নামানো হবে।
বৃহস্পতিবার চন্দ্রযান-৩ থেকে‘বিক্রম’ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের বিষয়টা শুরু হয়ে গিয়েছে। ইসরো আগে থেকেই বলে রেখেছিলো যে ল্যান্ডার ২৩ অগস্ট চাঁদের মাটি স্পর্শ করবে। কিন্তু অনেকেই মনে করছেন যে ,’বিক্রম’ সময়ের আগেই চাঁদের বুকে নামতে পারে। মূল মহাকাশযান থেকে আলাদা হওয়ার পর “বিক্রম” কে চাঁদে পাঠানোর জন্য ইসরোর হাতে এখনও ছয়দিন আছে। কিন্তু বিচ্ছেদের পর এতো সময় লাগে না অবতরণের জন্য। যার জন্য নজর রাখা হবে “বিক্রম” এর উপর, যে সময়ের আগেই সে নামবে কিনা চাঁদের বুকে ।
এখনও পর্যন্ত কোনও দেশের কোনও মহাকাশযান নামতে পারেনি চাঁদের যে জায়গাতে,সেটি হবে চন্দ্রযান-৩ এর প্রধান গন্তব্য। অর্থাৎ এর প্রধান গন্তব্য হলো চাঁদের দক্ষিণ মেরু। চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে ল্যান্ডার নামাতে সক্ষম হলে ইতিহাস তৈরি করবে ভারত।
চাঁদে মানুষহীন মহাকাশযান পাঠানোর জন্য ইসরোর অভিযানগুলির মধ্যে এটি তৃতীয়। এর আগে ইসরোর অভিযান দুবার ব্যর্থ হয়েছে। তবে চাঁদের কক্ষপথে সফল ভাবে চন্দ্রযান আগেও পাঠানো হয়েছে।শেষ পর্যায়ে চাঁদে নামতে গিয়ে বিপত্তি ঘটে। তাই গোটা দেশ তাকিয়ে আছে সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন পর্যায়টির দিকে। তার প্রথম পর্যায় সফল ভাবেই সম্পন্ন হল।
আগামী বুধবার চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে ‘পাখির পালকের মতো অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা। চার বছর আগে ঠিক এই পর্যায়ে এসে ইসরোর ‘চন্দ্রযান-২’ ব্যর্থ হয়েছিল। এ বার ইসরো সফল হয় কি না,তা ক্রমশ প্রকাশ্য।







