বিহারের নালন্দা জেলার একটি স্কুলে মিড-ডে মিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। নুনের পরিবর্তে ভুল করে ডিটারজেন্ট বা সাবানের গুঁড়ো মিশে যাওয়ার অভিযোগ উঠেছে খাবারে। সেই খাবার খেয়ে পারসা মিডল স্কুলের অন্তত ৪০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের বিহারশরীফ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে ঘিরে স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার মিড-ডে মিল খাওয়ার পরই একের পর এক পড়ুয়া গলা জ্বালা এবং তীব্র পেটে ব্যথার অভিযোগ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। নালন্দার সিভিল সার্জন জয়প্রকাশ সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ফুড পয়জনিংয়ের ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি পড়ুয়াদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেও জানিয়েছেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী প্রীতি কুমারী জানান, সেদিন ভাতের সঙ্গে আলু-সোয়াবিনের তরকারি দেওয়া হয়েছিল। খাবার মুখে তুলতেই তিনি অস্বাভাবিক গন্ধ পান। তাঁর অভিযোগ, তরকারিতে নুনের পরিবর্তে সাবানের গুঁড়োর মতো কিছু মেশানো হয়েছিল। খাবার খাওয়ার পরই তাঁর পেটে ব্যথা শুরু হয়। কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিল বলেও দাবি তাঁর।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অভিভাবকরাও। রাজবীর কুমার নামে এক অভিভাবক জানান, মেয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন। সেখানে বেশ কয়েকজন পড়ুয়াকে বমি করতে এবং গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান বলে দাবি তাঁর।
ঘটনার কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং। তাঁর দাবি, রান্নাঘরে কর্মরত এক রাঁধুনি ভুল করে নুনের বোতল মনে করে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে ফেলেছিলেন। কয়েকজন পড়ুয়া অতিরিক্ত নুন চাওয়ার পরই এই ভুল হয় বলে জানিয়েছেন তিনি। স্কুলে মিড-ডে মিলের খাবার একটি এনজিওর মাধ্যমে সরবরাহ করা হয় বলেও জানান প্রধান শিক্ষক।
তবে প্রধান শিক্ষকের এই দাবি মানতে নারাজ নালন্দার জেলা শিক্ষা আধিকারিক হেমচন্দ্র। খাবারে ডিটারজেন্ট মেশানো হয়েছিল কি না, তা এখনই নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্ট হাতে আসার পরেই পড়ুয়াদের অসুস্থতার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন DEO। পাশাপাশি, কারও গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় পদক্ষেপের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ঘটনার খবর পেয়েই বিহারশরীফ সদর হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের দেখতে যান নালন্দার বিধায়ক তথা বিহারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।
পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, কীভাবে এবং কোথায় এই গাফিলতি হয়েছে, তা জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কর্মীর অবহেলা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেন তিনি। শিশুদের স্বাস্থ্যের সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না বলে আশ্বাস দেন মন্ত্রী।
পাশাপাশি, গোটা জেলার স্কুলগুলিতে মিড-ডে মিল ব্যবস্থার আচমকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। রান্নার সঙ্গে যুক্ত কর্মীদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, পড়ুয়াদের পুষ্টি ও শিক্ষার ক্ষেত্রে মিড-ডে মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা।







