আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক সমীকরণের প্রেক্ষাপটে নতুন বার্তা দিল ভারত-বাংলাদেশ নৌ-সম্পর্ক। বাংলাদেশের যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস সমুদ্র অভিযান এবার ভারতের বিশাখাপত্তনম বন্দরে পৌঁছেছে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা ও বহুজাতিক নৌ-মহড়ায় অংশ নিতে। ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বৃহৎ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন অংশ নিচ্ছে।
এই আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশীয়ভাবে নির্মিত নজরদারি জাহাজ আইএনএস সুমেধা’তে চড়ে তিনি সমুদ্রপথে বহরের কুচকাওয়াজ পরিদর্শন করবেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এমন মঞ্চে বাংলাদেশের উপস্থিতি ২ দেশের কৌশলগত ঘনিষ্ঠতার ইঙ্গিত বহন করে।
বিশেষ তাৎপর্য রয়েছে এই অংশগ্রহণের সময়কালেও। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নৌ-যোগাযোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। ২০২৫-এর নভেম্বরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস সইফের আগমন ও বঙ্গোপসাগরে তাঁর প্রবেশ ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছিল।
১৯৭১-এর পর এমন ঘটনা ছিল বিরল।
এই আবহে বিশাখাপত্তনমের বহুজাতিক মহড়ায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো কূটনৈতিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্যভাবে, চিন ও তুরস্কের মতো কয়েকটি দেশকে এই মহড়ায় আমন্ত্রণ জানানো হয়নি। যার ফলে ভারতের পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা স্পষ্ট। পাশাপাশি পশ্চিমবঙ্গের হলদিয়ায় সম্ভাব্য নৌঘাঁটি তৈরির পরিকল্পনাও আলোচনায় রয়েছে। সব মিলিয়ে ভারত-বাংলাদেশ নৌ-সম্পর্ক নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বঙ্গোপসাগর ঘিরে কৌশলগত ভারসাম্যে এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।







