একটানা দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থেকে নতুন নজির গড়েছেন নরেন্দ্র মোদি। এবার একই ধরনের রেকর্ড গড়লেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। মেলোনির এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে এক্স হ্যান্ডেলে মেলোনিকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠিও লিখেছেন তিনি।
২০২২ সালের অক্টোবর মাসে ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জর্জিয়া মেলোনি। এরপর টানা ১৪১৩ দিন প্রধানমন্ত্রীর পদে থাকার নজির গড়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালির ইতিহাসে কোনও প্রধানমন্ত্রী এত দীর্ঘ সময় এই পদে ছিলেন না।
এর আগে এই রেকর্ড ছিল সিলভিও বেরলুসকোনির দখলে। দ্বিতীয় দফায় ইটালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ১৪১২ দিন ক্ষমতায় ছিলেন তিনি। ফলে মাত্র এক দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি করলেন মেলোনি। উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালিতে এখনও পর্যন্ত ৬৮টি সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে দীর্ঘমেয়াদি সরকার খুব একটা দেখা যায়নি। সেই পরিস্থিতিতেই মেলোনির এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
মেলোনিকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিকে যুদ্ধোত্তর ইটালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। ইটালির মানুষ তাঁর প্রতি কতটা আস্থা রাখেন, এই রেকর্ডই তার প্রমাণ। ভারত-ইটালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে মেলোনির বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মানুষের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা এই বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যাব। আগামী দিনের জন্য মেলোনিকে অনেক শুভেচ্ছা।’
প্রসঙ্গত, চলতি বছরের জুনেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দীর্ঘতম সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছিলেন নরেন্দ্র মোদি। যদিও সবমিলিয়ে ভারতের সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও জওহরলাল নেহরুর দখলে।
১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নেহরু। ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। অর্থাৎ মোট ৪,৩৯৮ দিন একটানা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। অন্যদিকে, ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এরপর থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি এবং ৪,৩৯৯ দিন পূর্ণ করে নেহরুর একটানা দায়িত্ব পালনের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন।







