পাক অধিকৃত কাশ্মীরে ফের উত্তপ্ত পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে সেখানে অন্যতম বৃহত্তম গণআন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ। এই ঘটনাকে ঘিরে একদিকে যেমন পাকিস্তান সরকারের উপর চাপ বাড়ছে, তেমনই ভারতও কড়া ভাষায় ইসলামাবাদের সমালোচনা করেছে।
সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের একাধিক এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাওয়ালকোট এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন এলাকায় কার্ফু জারি করেছে প্রশাসন। পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে।
কেন শুরু হয়েছে এই আন্দোলন?
জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নামে একটি সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন নতুন করে জোরদার হয়েছে। ২০২৪ সালে সংগঠনটির উত্থান ঘটে। সে সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গমের মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান আর্থিক চাপের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছিল। সাধারণ মানুষের ব্যাপক সমর্থনও পেয়েছিল তারা। আন্দোলনের চাপে সরকার কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও অসন্তোষ পুরোপুরি দূর হয়নি।
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের ১২টি সংরক্ষিত আসনকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়। এই আসনগুলি জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির অভিযোগ, এই ব্যবস্থার ফলে স্থানীয় মানুষের মতামত ও সমস্যাগুলি গুরুত্ব পাচ্ছে না। তবে পাকিস্তান সরকার এই দাবি খারিজ করেছে। তাদের বক্তব্য, সংবিধান অনুযায়ী এই আসনগুলি সংরক্ষিত এবং আদালতও সেই অবস্থানকে সমর্থন করেছে।
এরই মধ্যে পাকিস্তান প্রশাসন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সরকারের দাবি, সংগঠনটির কার্যকলাপ দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠেছে। আন্দোলন শুরু হওয়ার পর সংগঠনের সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে আর্থিক পুরস্কারের ঘোষণাও করা হয়েছে।
বিক্ষোভের জেরে রাওয়ালকোট, মুজাফ্ফরাবাদ এবং মীরপুরে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বনধ ও অস্থিরতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। গণগ্রেফতার, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
ভারতের প্রতিক্রিয়া –
পাক অধিকৃত কাশ্মীরের এই পরিস্থিতির জন্য পাকিস্তান সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছে ভারত। ইসলামাবাদ এই অশান্তির নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তুললেও নয়াদিল্লি তা সম্পূর্ণভাবে খারিজ করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের পদক্ষেপের সমালোচনা করে বলেন, “নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা কোনওভাবেই সফল হবে না।” একইসঙ্গে তিনি বিক্ষোভকারীদের উপর অত্যাচার ও প্রাণহানির ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন।







