পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদীদের দমনে বড়সড় সাফল্য পেল সে দেশের সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে দুটি আলাদা এলাকায় চালানো বিশেষ অভিযানে মোট ১৩ জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। এর মধ্যে বান্নু জেলায় হওয়া সংঘর্ষে ৮ জন এবং কুর্রাম জেলায় ৫ জন জঙ্গি মারা পড়েছে। পাকিস্তান সেনাবাহিনী এই জঙ্গিদের ‘খাওয়ারিজ’ বা পথভ্রষ্ট বলে দেগে দিয়েছে, যা সাধারণত টিটিপি (TTP) জঙ্গিদের বোঝাতে ব্যবহার করা হয়।
বালোচিস্তানের কালাত জেলাতেও চলতি সপ্তাহের শুরুতে একই রকম অভিযানে ৪ জঙ্গি প্রাণ হারিয়েছিল। কিন্তু সেনার তৎপরতা বাড়লেও পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনা কমছে না। পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের একটি সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, গত বছরে পাকিস্তানে জঙ্গি হামলার হার ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এর জেরে প্রাণহানি বেড়েছে প্রায় ২১ শতাংশ।
পরিসংখ্যান বলছে, গত বছর পাকিস্তানজুড়ে প্রায় ৭৫ হাজার অভিযান চালিয়েছে সেনা ও পুলিশ। যার সিংহভাগ হয়েছে বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে। তবুও গত এক বছরে দেশটিতে প্রায় পাঁচ হাজার ছোট-বড় হামলার ঘটনা ঘটেছে। এই অশান্তির মূলে রয়েছে মূলত খাইবার প্রদেশ (৭১ শতাংশ হামলা) এবং বালোচিস্তান (২৯ শতাংশ হামলা)।
এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার বান্নু জেলার মাজাং চক এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা একটি গাড়ি থামিয়ে স্থানীয় শান্তি রক্ষা কমিটির চার সদস্যকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে। এই ঘটনায় প্রাণ হারান এক পথচারীও। ক্রমাগত সংঘর্ষ আর রক্তক্ষয়ী হানাহানিতে বর্তমানে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকাগুলিতে কার্যত এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।







