আন্তর্জাতিক ডেস্ক: বুদবুদের মতো ফেটে পড়েছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর। দিনের পর দিন জমে থাকা ক্ষোভ রাস্তায় উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। ৩৮ দফা দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন, আহত হয়েছেন ২০০-রও বেশি।
গত ২৯ সেপ্টেম্বর থেকে এলাকাজুড়ে বিক্ষোভে উত্তাল সাধারণ মানুষ। নেতৃত্বে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। মূল দাবি—করছাড়, খাদ্য ও বিদ্যুতে ভর্তুকি, স্থানীয় উন্নয়ন-সহ একাধিক মৌলিক অধিকার। প্রথম দিকে শান্তিপূর্ণ অবস্থান থাকলেও বৃহস্পতিবার পরিস্থিতি হাতের বাইরে যায়। প্রশাসন ইন্টারনেট ও পরিবহণ পরিষেবা বন্ধ করে দেয়। মোতায়েন হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। তারপরই সংঘর্ষ শুরু হয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মুজাফফরবাদে ৫, ধীরকোটে ৫ এবং দাদেয়ালে ২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষীর গুলিতে। নিহত হয়েছেন ৩ জন পুলিশ কর্মীও। আহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, আন্দোলনকারীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুড়ছেন, অন্যদিকে রক্ষীরাও আকাশে গুলি চালাচ্ছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, অধিকাংশ এলাকায় দোকানপাট বন্ধ, জনজীবন কার্যত স্তব্ধ।
বিক্ষোভের অন্যতম নেতা শওকত নওয়াজ মীর সরাসরি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “এটা আমাদের প্ল্যান এ মাত্র। প্রয়োজনে প্ল্যান ডি পর্যন্ত ছক কষা আছে।” পাশাপাশি আন্দোলনকারীদের মুখে শোনা যাচ্ছে স্লোগান— “কাশ্মীর আমাদের, এর ভবিষ্যৎও আমরাই নির্ধারণ করব।”
আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। অনেক বিশেষজ্ঞের মতে, এটি শুধুই সূচনা—আগামী দিনে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আরও বড় অস্থিরতার সাক্ষী হতে চলেছে।







