পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে তুলে ধরতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার কলকাতার ধনধান্যে প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য পর্যটন দফতরের নতুন লোগো ও ব্র্যান্ডিং প্রকাশ করা হল। ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে’—এই নতুন স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্য পর্যটন দফতরের আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।
নতুন লোগো ও ব্র্যান্ডিং প্রকাশের পাশাপাশি রাজ্যের পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পর্যটন ক্ষেত্রের উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, একসময় ‘ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ’ নামে রাজ্যের পরিচিতি ছিল। কিন্তু পরবর্তী সময়ে পর্যটন ও রাজ্যের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি। তাঁর দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে পর্যটকরা সিকিমে চলে যান। এই প্রবণতা বদলাতেই নতুন করে পরিকল্পনা নেওয়া হয়েছে।
আগামী দিনে রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত রাজ্য সরকারের অধীন সমস্ত ট্যুরিস্ট গেস্ট হাউসকে আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গঙ্গাকে কেন্দ্র করে পর্যটন ও বাণিজ্যিক পরিবহণ ব্যবস্থায় পরিবর্তন আনতে কলকাতাকে দেশের ১৭তম শহর হিসেবে ‘ওয়াটার মেট্রো’ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।
নদীপথে পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলতে নতুন আধুনিক বোট আনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি মন্দারমণি সমুদ্রসৈকতকে গোয়ার আদলে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। সুন্দরবনের ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে চলতি বছরে ২০ লক্ষ ম্যানগ্রোভ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ‘ডেস্টিনেশন সুন্দরবন’ গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। একই সঙ্গে আগামী ২ অক্টোবর উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে বন দফতরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাঘ ছাড়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে পর্যটন দফতরের পক্ষ থেকে ১২টি বিশেষ দিন বেছে নেওয়া হয়েছে। ওই দিনগুলিতে দফতরের কর্মী ও আধিকারিকদের বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরে অফিসে আসতে হবে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের এই প্রস্তাবে সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নির্ধারিত দিনগুলির কোনওটি ছুটির দিনে পড়লে তার আগের কর্মদিবসেই এই পোশাক পরতে হবে।
এই বিশেষ দিনগুলির তালিকায় রয়েছে সরস্বতী পুজো, দোল, বুদ্ধ পূর্ণিমা, পয়লা বৈশাখ, জামাইষষ্ঠী, রথযাত্রা, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, দুর্গাপুজোর অষ্টমী, কালীপুজো, ভাইফোঁটা এবং পৌষ সংক্রান্তি।
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ‘Born to lead, ready to rise’—এই ভাবনাকে সামনে রেখে গত তিন মাস ধরে মুখ্যমন্ত্রীর আস্থাকে সঙ্গে নিয়ে বিশ্ব পর্যটন মানচিত্রে বাংলাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ চলছে। তাঁর মতে, নতুন লোগো ও ব্র্যান্ডিং প্রকাশের মধ্য দিয়ে রাজ্য পর্যটনের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হল।
সব মিলিয়ে ধনধান্যে প্রেক্ষাগৃহের অনুষ্ঠান থেকে রাজ্যের পর্যটন শিল্পকে নতুন করে সাজানোর স্পষ্ট বার্তা দিয়েছে সরকার। ৫০০ কোটি টাকার বরাদ্দ এবং একাধিক বড় প্রকল্প বাস্তবায়িত হলে আগামী দিনে পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসা আরও গতি পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







