বিনোদন

মিঠুনকে ‘সাংস্কৃতিক উপদেষ্টা’ করার ঘোষণা শুভেন্দুর, ‘মহাগুরু’র প্রশংসায় মুখ্যমন্ত্রী

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে টানা প্রচারসভা করেছেন। সভার মাঝেই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু রাজনৈতিক কর্মসূচি থেকে সরে দাঁড়াননি। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবার বড় দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকেই মিঠুনকে ‘কালচারাল অ্যাডভাইজার’ বা ‘সাংস্কৃতিক উপদেষ্টা’ করার কথা ঘোষণা করেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জানান, আগামী দিনে মিঠুন চক্রবর্তীকে রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে। তবে কবে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত বিনোদন জগতের প্রতিনিধিদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়। বাংলার চলচ্চিত্র জগতের সঙ্গে মিঠুনের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁর অভিনীত একাধিক জনপ্রিয় ছবি দর্শকদের কাছে আজও সমানভাবে পরিচিত। ফলে সাংস্কৃতিক ক্ষেত্রে মিঠুনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করছেন অনেকে।

এদিন মুখ্যমন্ত্রীর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী। শুভেন্দুর প্রশংসা করে তিনি বলেন, “এতদিনে আমাদের মুখ্যমন্ত্রীকে চিনেই গিয়েছেন। উনি যা বলেন, তা করে দেখান। আমি গ্যারান্টি দিচ্ছি উনি যা বলেন তা হবেই।”

তবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ নিয়ে মিঠুনের এমন আস্থা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার শুভেন্দুর পাশে দাঁড়িয়ে তাঁর কাজের প্রশংসা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিঠুনের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎও হয়। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ‘মহাগুরু’ বলেছিলেন, শুভেন্দুর মতো ভালো মুখ্যমন্ত্রী আর হতে পারেন না।

সেবার মিঠুনের বক্তব্য ছিল, “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে একথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য ওঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। ওঁর পিছনেই রয়েছি।”

পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন, নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি পূরণের চেষ্টা করা হবে এবং মুখ্যমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দেবেন, তা তিনি মেনে চলবেন। যদিও শুক্রবার মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করার ঘোষণার বিষয়ে অভিনেতার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.