খাওয়াদাওয়া নিয়ে মন্তব্যের পর এবার দেবদেবীর মূর্তি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। নতুন করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের তরুণ সন্ন্যাসী বাগেশ্বর বাবা তথা ধীরেন্দ্র শাস্ত্রী। রামের প্রশংসা করতে গিয়ে কৃষ্ণকে ‘অপমান’ করেছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘কৃষ্ণের বাঁশি কোনও কাজে আসে না, রামের ধনুকই আসল।’’ তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। সমালোচনার ঝড় উঠতেই পরে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বাগেশ্বর বাবা। যদিও তাতেও বিতর্ক পুরোপুরি থামেনি। এর আগে কলকাতায় দুর্গাপুজোর সময় আমিষভোজীদের ‘পাখণ্ডী’ বলেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই মন্তব্যে বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল।
মধ্যপ্রদেশের শিবপুরীতে আয়োজিত ‘রামকথা’ অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে একাধিক মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রী। সেখানেই শ্রীকৃষ্ণের বংশীধারী মূর্তি নিয়েও অশ্রদ্ধাপূর্ণ মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, কৃষ্ণের মূর্তি ‘বাঁকা’, অন্যদিকে রাম সোজা পথে চলেন এবং সোজাভাবে কাজ করেন। কৃষ্ণের মূর্তিতে ঘাড় ও কোমর বাঁকিয়ে বাঁশি বাজানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাঁশি যে কেউ বাজাতে পারেন এবং এর কোনও বিশেষ উপযোগিতা নেই। তাঁর দাবি, রামের ধনুকই আসল। ধীরেন্দ্র শাস্ত্রীর এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর ক্ষোভ ছড়িয়েছে কৃষ্ণভূমি মথুরা-বৃন্দাবনেও। ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সেখানকার একাধিক হিন্দু সন্ন্যাসী। তাঁদের বক্তব্য, কোনও দেবতাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে যথেষ্ট সংযত থাকা প্রয়োজন। কারণ, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণের সঙ্গে গভীর আবেগ জড়িয়ে রয়েছে। অনেকের কাছে বালক কৃষ্ণ পরিবারের সন্তানের মতোই আপন। একইসঙ্গে কৃষ্ণের রয়েছে নানা রূপ ও পরিচয়। সেই বংশীধারী রূপ নিয়েই এ ধরনের মন্তব্য ভক্তদের আবেগে আঘাত করেছে বলে মত মথুরার সন্ন্যাসীদের।
ক্রমশ বাড়তে থাকা সমালোচনার মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ক্ষমা চান বাগেশ্বর বাবা।







