আজ পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত সিরিজের চতুর্থ ম্যাচটি খেলতে নামছে। পাঁচ ম্যাচের এই সিরিজের আগে ধারণা করা হয়েছিল,এটি হবে ছক্কার বন্যায় ভেসে যাওয়া একটি প্রতিযোগিতা। কিন্তু তিন ম্যাচ শেষে দেখা যাচ্ছে,লড়াই গড়িয়েছে স্পিন ও পেসের বৈপরীত্যে।
ভারত সিরিজে ২-১ব্যবধানে এগিয়ে থাকলেও ইংল্যান্ড এখনো লড়াইয়ে টিকে আছে। ভারত যেখানে চার স্পিনার নিয়ে প্রতিপক্ষকে বিপাকে ফেলছে,ইংল্যান্ড সেখানে ভরসা রাখছে উচ্চগতির শর্ট বল আক্রমণে। মার্ক উড ও জোফ্রা আর্চার পাওয়ারপ্লেতে আগ্রাসী বোলিং করছেন,এরপর ব্রাইডন কার্স ও জেমি ওভারটন মিডল ওভারে হার্ড লেন্থ বজায় রাখছেন। অন্যদিকে, ভারতের একমাত্র ফ্রন্টলাইন পেসার মোহাম্মদ শামি বা আর্শদীপ সিংয়ের সঙ্গে আক্রমণ সামলাচ্ছেন স্পিনাররা।
পরবর্তী বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং লাইনআপে নিজের জায়গা পাকাপোক্ত করতে চাইবেন সঞ্জু স্যামসন। যদিও এই সিরিজে তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়(২৬,৫,৩),তবে এই ম্যাচে বড় ইনিংস খেললে দল ও নিজের আত্মবিশ্বাস উভয়ই বাড়বে। এছাড়াও ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমারের ব্যাটিং ফর্মও প্রশ্নের মুখে রয়েছে।
ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টও ফর্মে ফিরতে মরিয়া। ক্যারিবিয়ান সফরে দুর্দান্ত পারফর্ম করা এই ব্যাটসম্যান ভারতের মাটিতে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি(০,৪,৫)। পুনেতে বড় স্কোর গড়ে দলকে সিরিজে ফিরিয়ে আনতে চাইবেন তিনি।
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন,রিঙ্কু সিং ফিট,ফলে ধ্রুব জুরেল বাদ পড়তে পারেন। স্পিনার ও ব্যাটিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বাদ পড়লে শিবম দুবে বা রামানদীপ সিং সুযোগ পেতে পারেন।







