রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রথ কমিটির হাতে অনুদান তুলে দেওয়ার পাশাপাশি রাজ্যের তীর্থস্থান ও শিবভক্তদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে ঘোষণা করা হয়েছিল, নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সোমবার সেই অনুদান আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। একইসঙ্গে তারকেশ্বর-সহ রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরের উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানান তিনি।
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। তিনি বলেন, এবারের তালিকায় কোথাও কোনও ভুল থেকে থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে। ভবিষ্যতে জেলাশাসকদের মাধ্যমে আরও নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে। তাঁর মতে, এই আর্থিক সহায়তা পেলে পুরনো রথের সংরক্ষণ, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ আরও সহজ হবে।
রাজ্যের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলিকে ঘিরে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ তৈরির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের কীরিটেশ্বরী-সহ একাধিক প্রাচীন মন্দিরকে সংরক্ষণ ও হেরিটেজ প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দুই বছরে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। ধর্মীয় পর্যটন ও তীর্থস্থানগুলির উন্নয়নের জন্য মোট ১,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।
এছাড়া ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। পাশাপাশি, সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মস্থান সংরক্ষণ ও উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে।
শ্রাবণ মাসে তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধনে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন। তারকেশ্বর তীর্থক্ষেত্রের উন্নয়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি ৫ কিলোমিটার অন্তর ‘সেবা কেন্দ্র’ গড়ে তোলা হবে, যাতে জলযাত্রীরা বিশ্রাম ও প্রয়োজনীয় পরিষেবা পান। আবহাওয়া অনুকূল থাকলে প্রতি সোমবার সরকারি হেলিকপ্টার থেকে জলযাত্রীদের উপর গোলাপের পাপড়ি বর্ষণেরও পরিকল্পনা রয়েছে।
তারকেশ্বরের পাশাপাশি জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং ভুটান সীমান্ত সংলগ্ন জয়ন্তী এলাকার মন্দিরগুলিতেও ভক্তদের সুবিধার জন্য বিশেষ পুলিশি সহায়তা কেন্দ্র, মেডিক্যাল ক্যাম্প, পানীয় জল, ওআরএস এবং বিশ্রামের ব্যবস্থা করা হবে। পুরো শ্রাবণ মাস জুড়েই এই পরিষেবাগুলি চালু থাকবে।







