বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের উপকূল-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে।
দিঘা-শঙ্করপুর উপকূল জুড়ে মাইকে প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জরুরি কাগজপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার জানিয়েছেন—
“প্রশাসন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে জেলার কন্ট্রোলরুমের নম্বরে— ০৩২২৮-২৬২৭২৮।”
এদিকে, রামনগর-১ ব্লক প্রশাসনের তরফে সৈকত লাগোয়া এলাকাগুলিতে প্রচার চালানো হয়েছে। পর্যটকদের ভরা জোয়ারের সময় সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন, “পর্যটকদের নির্বিঘ্নে থাকার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঝুঁকি না নিয়ে সতর্ক থাকার নির্দেশই দিয়েছে প্রশাসন।”
মঙ্গলবারও বহু পর্যটক সমুদ্রে নামতে গেলে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডরা তাদের সরিয়ে দেয়। একই সঙ্গে মোবাইল ও ইমার্জেন্সি লাইট চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে উপকূলবাসীদের।







