খেলাধুলা

বাংলার জুনিয়র ক্রিকেটারদের প্রতি সিএবি-র ‘অমানবিক’ আচরণ,বর্ষবরণের রাত বাসে কাটাল বাংলার অনূর্ধ্ব-১৬ ক্রিকেটাররা!

বিজয় মার্চেন্ট ট্রফিতে ব্যর্থতার দায়ে কি এবার চূড়ান্ত অপমানের শিকার হতে হলো বাংলার খুদে ক্রিকেটারদের? সিএবি-র (CAB) একটি সিদ্ধান্ত ঘিরে এখন রাজ্য ক্রিকেটে ছিছি পড়ে গিয়েছে। বছরের শেষ রাতে যখন সাধারণ মানুষ হুল্লোড়ে মগ্ন, তখন বাংলার অনূর্ধ্ব-১৬ দলের ক্রিকেটাররা হাড়কাঁপানো ঠান্ডায় বাসের সিটে বসে রাত কাটাল। ওড়িশার কটক থেকে বিমান বা ট্রেনের বদলে সাত-আট ঘণ্টার দীর্ঘ বাসযাত্রায় তাঁদের কলকাতায় ফেরানো হয়েছে। সঙ্গে ছিলেন দুই প্রাক্তন রঞ্জি তারকা তথা কোচ অরিন্দম দাস ও সৌরভ সরকার।

প্রশ্ন উঠছে, কেন এই নাবালক ক্রিকেটারদের এভাবে বাসে করে পাঠানো হলো? সিএবি-র যুগ্ম সচিব মদন ঘোষের দাবি, বর্ষবরণের সময় হওয়ায় নাকি ট্রেনের টিকিট বা বিমানের আসন পাওয়া যায়নি। কিন্তু ক্রিকেট মহলের বড় একটা অংশ এই যুক্তি মানতে নারাজ। অনেকের মতেই, নকআউট পর্বে উঠতে না পারার ‘শাস্তি’ হিসেবেই এই ব্যবস্থা। গত ২৫ ডিসেম্বরই পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলা পরের রাউন্ডে যাচ্ছে না। তাহলে হাতে পাঁচ দিন সময় থাকা সত্ত্বেও ভুবনেশ্বর থেকে কলকাতার ফেরার টিকিট কেন করা গেল না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

এই বাসযাত্রাও মোটেও সুখকর ছিল না। মাঝপথে বাস বিকল হয়ে যাওয়ায় মাঝরাস্তায় দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় নাবালক ক্রিকেটারদের। বিকল্প বাসের ব্যবস্থা হতে হতে ঘড়ির কাঁটা অনেক রাত পেরিয়ে যায়। শেষমেশ রাত একটার পর বাস কলকাতায় পৌঁছালে যাদের বাড়ি দূরে, তাদের ডরমেটরিতে পাঠানো হয়। আর যাদের বাড়ি আশেপাশে, সেই গভীর রাতে তাঁদের নিজেদের মতো ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়। বোর্ডের থেকে কোটি কোটি টাকা অনুদান পাওয়া একটি সংস্থা কেন রাজ্য দলের সঙ্গে এমন আচরণ করবে, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.