LPG গ্রাহকদের জন্য স্বস্তির খবর। গ্যাসের e-KYC সম্পূর্ণ করার সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। ঘরোয়া LPG সিলিন্ডার পেতে e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমে এই প্রক্রিয়া শেষ করার শেষ তারিখ ছিল ১৬ অগস্ট। পরে তা বাড়িয়ে ২৩ অগস্ট করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বহু গ্রাহক e-KYC করতে পারেননি। তাঁদের কথা মাথায় রেখেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি সময়সীমা আরও বাড়িয়েছে বলে জানা গিয়েছে।
ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এবং ভারত পেট্রোলিয়াম (BPCL)—এই তিন সংস্থাই গত কয়েক সপ্তাহ ধরে গ্রাহকদের দ্রুত e-KYC সম্পূর্ণ করার পরামর্শ দিয়ে আসছে। ঘরোয়া দামে LPG সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ বলেই জানানো হয়েছে। এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, e-KYC করার নতুন সময়সীমা ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। যাঁরা এখনও এই প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের মোবাইলে মেসেজ পাঠিয়ে বিষয়টি জানানো হবে।
গ্রাহকরা LPG ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে e-KYC করতে পারবেন। একইসঙ্গে সংশ্লিষ্ট তেল সংস্থার অ্যাপ ব্যবহার করেও এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে। যাঁদের LPG সংযোগের সঙ্গে আগে থেকেই আধার নম্বর যুক্ত রয়েছে, তাঁদের অনেকেই অ্যাপের মাধ্যমে e-KYC করছেন। দেশে বর্তমানে সক্রিয় ঘরোয়া LPG গ্রাহকের সংখ্যা প্রায় ৩২.৯৭ কোটি।
তবে ৩১ অগস্টের মধ্যেও e-KYC সম্পূর্ণ না করলে কী হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও LPG সরবরাহ বন্ধ হবে না। তবে e-KYC না করা গ্রাহকদের কী নিয়মে সিলিন্ডার দেওয়া হবে, সে বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের পরবর্তী নির্দেশই চূড়ান্ত বলে মনে করা হচ্ছে।
এদিকে, তেল বিপণন সংস্থাগুলির আধিকারিকরা মৌখিকভাবে ৩১ অগস্ট পর্যন্ত সময় বাড়ানোর কথা জানালেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে e-KYC-এর নতুন সময়সীমা নিয়ে সরকারি নির্দেশিকার অপেক্ষা রয়েছে।







