রাজ্যে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ বার কলকাতা পুলিশে একসঙ্গে প্রায় ৬ হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া এগোনোর পথে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মোট ৫ হাজার ৮৯৩টি পদে নিয়োগের জন্য মিলেছে প্রশাসনিক অনুমোদন। সার্জেন্ট, সাব-ইনস্পেক্টর থেকে শুরু করে কনস্টেবল—একাধিক পদে নিয়োগ করা হবে। ফলে দীর্ঘদিন ধরে পুলিশে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
গত ২৭ অক্টোবর এই নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। কলকাতা পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে শূন্যপদ থাকায় নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সেই প্রস্তাব খতিয়ে দেখার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
কোন পদে কত নিয়োগ?
প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, মোট ৫,৮৯৩টি শূন্যপদের মধ্যে—
– সার্জেন্ট: ৬৪৮টি পদ।
– সাব-ইনস্পেক্টর: ৪২৫টি পদ। এর মধ্যে ৭০টি মহিলা সাব-ইনস্পেক্টর পদ।
– কনস্টেবল: ৪,৩১৯টি পদ। এর মধ্যে ৪৩০টি মহিলা কনস্টেবল পদ।
এই বিপুল সংখ্যক নিয়োগের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। বোর্ডের মাধ্যমেই সম্পূর্ণ করা হবে নিয়োগ প্রক্রিয়া। তবে কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিংবা পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ কী, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি।
এক লক্ষ চাকরির লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পরই কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই চলতি অর্থবর্ষে এক লক্ষ চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছেন। তাঁর দাবি, পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় তৈরি হওয়া জটিলতা কাটিয়ে একের পর এক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পিএসসির আটকে থাকা পরীক্ষাগুলিও ধাপে ধাপে নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দফতরে নিয়োগের সিদ্ধান্তও হয়েছে। ইতিমধ্যেই ১২ হাজার কনস্টেবল নিয়োগের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানিয়েছেন, চলতি ও আসন্ন নিয়োগ মিলিয়ে এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সরকার।
সব মিলিয়ে কলকাতা পুলিশে ৫,৮৯৩টি পদে নিয়োগের প্রশাসনিক অনুমোদন চাকরিপ্রার্থীদের কাছে বড় খবর। এখন নজর নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এবং আবেদন শুরুর তারিখের দিকে।







