দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে মিলছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে—এটি কোনও প্রথাগত আত্মঘাতী হামলা ছিল না। বরং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটেছিল এই বিস্ফোরণ, এমনটাই অনুমান তদন্তকারীদের।
সূত্রের দাবি, বিস্ফোরণের ধরন আত্মঘাতী গাড়ি-বোমা হামলার সাধারণ প্যাটার্ন অনুসরণ করেনি। সন্দেহভাজন ব্যক্তি গাড়িটি কোনও নির্দিষ্ট টার্গেটে ধাক্কা দেননি বা ইচ্ছাকৃত সংঘর্ষ ঘটাননি। ANI সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে কোনও গর্ত তৈরি হয়নি, শার্পনেল বা প্রোজেক্টাইলও পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় গাড়িটি চলমান অবস্থায় ছিল এবং ব্যবহার করা IED সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল না — অর্থাৎ এটি একটি প্রি-ম্যাচিওর বিস্ফোরণ।
এদিকে সোমবার রাতের ওই বিস্ফোরণে রক্তাক্ত হয় রাজধানী। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২, আহত ২৬। বেশিরভাগ দেহই ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় দিল্লি পুলিশ ও দমকল।
তদন্তভার ইতিমধ্যেই NIA-এর হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে নজর রাখছেন তদন্তের ওপর। সূত্রের খবর, এই বিস্ফোরণের পিছনে কোনও বৃহত্তর আন্তঃরাজ্য জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একইসঙ্গে, ফরিদাবাদ, সাহারানপুর, পুলওয়ামা-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ৫০-৬০ কেজি বিস্ফোরক—যা ফরিদাবাদের সেক্টর ৫৬ থেকে উদ্ধার করেছে হরিয়ানা ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, সাম্প্রতিক অপারেশন সিঁদুর-এর পর থেকেই বিভিন্ন জঙ্গি সংগঠন দেশজুড়ে হামলার ছক কষছে বলে খবর। সেই প্রেক্ষিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের সংবেদনশীল এলাকায়।
তদন্তকারীদের মতে, ক্রমবর্ধমান গোয়েন্দা চাপের মুখে আতঙ্কিত হয়ে সন্দেহভাজন ব্যক্তি হয়তো ভুল সময়েই বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছিল। ফলে, এটি পূর্ণমাত্রায় পরিকল্পিত আত্মঘাতী হামলা ছিল না বলেই মনে করা হচ্ছে।
দেশজুড়ে সতর্কতা জারি, জঙ্গি চক্রের হদিশে জোরদার অভিযান চলছে।







