কেন্দ্র

নিট পরীক্ষার আগে বড় পদক্ষেপ! ভুয়ো প্রশ্নফাঁস রুখতে টেলিগ্রামে সাময়িক নিষেধাজ্ঞা কেন্দ্রের

নিট-ইউজি ২০২৬ পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব ও অনলাইন প্রতারণা ঠেকাতে কড়া অবস্থান নিল কেন্দ্র সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সুপারিশে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ৩০ জুন পর্যন্ত প্ল্যাটফর্মটির ‘মেসেজ এডিট’ সুবিধাও নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, কিছু অসাধু চক্র টেলিগ্রামের এডিট ফিচার ব্যবহার করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছিল। পরীক্ষা শেষ হওয়ার পর পুরনো বার্তা সম্পাদনা করে সেখানে আসল প্রশ্নপত্র যোগ করা হচ্ছিল। ফলে বার্তার পুরনো টাইমস্ট্যাম্প দেখে মনে হতো, প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়ে গিয়েছিল। এই কৌশল ব্যবহার করে বহু পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের সাইবার অপরাধ দমনকারী সংস্থা সক্রিয় হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের উদ্যোগে একাধিক সন্দেহজনক চ্যানেল ও বট সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আহমেদাবাদে একটি বড় প্রতারণা চক্রের মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তারা প্রশ্নফাঁসের প্রলোভন দেখিয়ে কয়েক সপ্তাহে কোটি টাকারও বেশি প্রতারণা করেছে।

পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষার্থীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন। এনটিএ একটি বিশেষ অভিযোগ পোর্টালও চালু করেছে, যেখানে প্রশ্নফাঁস সংক্রান্ত ভুয়ো প্রচার বা সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো যাবে।

সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ২১ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের উপর ভরসা করার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.