বিডিওর বদলিতে একেবারে আবেগপ্রবন হয়ে পরলেন সয়ং বিধায়ক। সরকারি নিয়ম অনুযায়ী বদলি হয়েছেন পূর্ব মেদিনীপুরের একাধিক বিডিও। যার মধ্যে রয়েছেন নন্দকুমারের বিডিও শানু বক্সি। চলতি সপ্তাহের মঙ্গলবার তার জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে একেবারে আবেগঘন হয়ে পড়েন শাসক দলের বিধায়ক সুকুমার দে।
বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে তিনি বলেন ‘করোনার সময় উনি এলাকায় বিডিও হিসেবে যোগ দিয়েছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে দাপটের সঙ্গে তিনি সে সময় মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, এটা বিরল। এত সাধারণ ভাবে মানুষের সঙ্গে মিশেছেন, ঘরোয়া পরিবেশে থেকেছেন। এটা মানুষের মনের মধ্যে দাগ কেটেছে।’
বিধায়কের এমন বক্তব্যে একপ্রকার আবেগঘন হয়ে যান নন্দকুমারের বিডিও শানু বক্সি। তিনি জানান, ‘অফিসটাকে কখনও অফিস মনে করিনি। বাড়ি মনে করেছিলাম। আর মানুষগুলিকে পরিবারের একজন। পরিবারের সঙ্গে যে ভাবে মিলেমিশে আমরা থাকি সকলে, সে ভাবে থাকার চেষ্টা করেছিলাম। ব্লককে এগিয়ে নিয়ে যাওয়া শুধু একার পক্ষে সম্ভব হত না। আজকে এই দল ছেড়ে যেতে হচ্ছে। আমার কষ্ট হচ্ছে যে, দলের সব সদস্যকে আমি ছেড়ে যাচ্ছি।’
তবে এই নিয়ে কটাক্ষও জুটেছে বিজেপি ও সিপিআইএম এর তরফ থেকে। এ বিষয়ে সিপিএমের জেলা নেতা পরিতোষ পট্টনায়ক বলেন ‘ওই তৃণমূল বিধায়ক ওই বিডিওকে দিয়ে শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন অঞ্চল অফিসের ভেতর থেকে সিপিএম সদস্যকে গ্রেফতার করিয়েছিলেন। ফলে সেই বিডিওর বদলিতে বিধায়ক তো চোখের জল ফেলবেনই।’ অন্যদিকে বিজেপি নেতা প্রদীপ দাস বলেন, ‘নন্দকুমারের বিধায়ক বিডিওকেই দিয়ে এত দিন তোলাবাজি করেছেন। কাটমানি খেয়েছেন। নতুন যে আসবে তাঁকে দিয়ে হয়তো ওঁর সেই সমস্ত কাজ আর করাতে পারবেন না, তাই কান্নাকাটি করছেন।’







