‘রাজ্য বিজেপি নেতাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলা উচিত ওঁর (অনুপম হাজরা) এই ধরনের বক্তব্যের জন্য সমস্যা তৈরি হচ্ছে। অনুপম হাজরা কী বলছেন না বলছেন তা দেখা ও শোনার জন্য লোক রয়েছে। তাও যদি রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করে অনুপম হাজরা একের পর এক দলের বিরুদ্ধে গিয়ে যে ধরনের মন্তব্য করছেন, তাতে দল বিড়ম্বনায় পড়ছে। তাহলে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বে বলা উচিত’, অনুপম হাজরা ইস্যুতে সরব বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, বারংবার দলের রাজ্য নেতৃত্বের সমালোচনা করে আদতেই বিরোধীদের ‘সুবিধা’ করে দিচ্ছেন কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। যার জেরে ‘অস্বস্তিতে’ দল। বিজেপি সূত্রে খবর, অনুপম যে হারে রাজ্যের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন, তাতে কার্যত দলেরই সমস্যা বাড়ছে। তাই অবিলম্বে এই বিষয়ে দিল্লিতে কথা বলতে চাইছে বঙ্গ বিজেপি।
দিলীপের সংযোজন, ‘হয়ত দলের ভেতরে যে সমস্ত কথা বলা উচিত উনি তা প্রকাশ্যে বলে ফেলছেন। সেটা নিয়েই সমস্যা হচ্ছে। অনুপম হাজরার রাজনৈতিক অভিজ্ঞতা কতটা রয়েছে তা আমার জানা নেই। উনি কর্মীদের ও দলের ভালর জন্য যেটা বলতে চাইছেন তা পার্টির বিরুদ্ধে চলে যাচ্ছে। ফেসবুক কিংবা প্রকাশ্যে যেভাবে উনি বক্তব্য রাখছেন, এটা ঠিক নয়। নির্দিষ্ট ফোরামে ওঁর বলা উচিত।’







