দুর্গাপুজো মিটতেই বাংলায় শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। নদিয়ার কল্যাণীর হরিণঘাটায় প্ল্যান্ট গড়তে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। সেখানে ক্যাম্পা কোলার নতুন কারখানা তৈরি হবে। আগামী ২৮ অক্টোবর, বুধবার এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চতুর্থীর দিন হলদিয়া থেকে এই ঘোষণা করেন তিনি।
শুধু হরিণঘাটাই নয়, হলদিয়াতেও আরও দু’টি শিল্প প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, ৯৮ একর জমিতে তৈরি হবে পেপসির প্ল্যান্ট। পাশাপাশি ৫০ একর জমিতে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা গড়ে উঠবে।
রাজ্যে দীর্ঘদিন শিল্পের ঘাটতি ছিল বলে অভিযোগ উঠত। পালাবদলের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল বাংলায় শিল্প ও কর্মসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনা। সেই লক্ষ্যেই রাজ্য সরকার এগোচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই লাক্স কোজি ও আমূলের মতো সংস্থার নতুন কারখানা তৈরির উদ্যোগ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে। শিল্পে বিনিয়োগ টানতে মুকেশ আম্বানি থেকে গৌতম আদানির মতো শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কথাও উঠে এসেছে। নিউটাউনে হাসপাতাল তৈরির কাজও করছে আদানি গোষ্ঠী।
এরই মধ্যে হরিণঘাটায় ক্যাম্পা কোলার কারখানা এবং হলদিয়ায় পেপসির বিনিয়োগের ঘোষণা নতুন মাত্রা যোগ করল রাজ্যের শিল্পচিত্রে।
উল্লেখ্য, চতুর্থীর দিনই হলদিয়ায় প্রায় ৬ হাজার কোটি টাকার বিনিয়োগে নতুন শিল্প প্রকল্পের সূচনা হয়েছে। হলদি নদীর তীরে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে তৈরি হয়েছে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র। বুধবার সেই নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই প্রকল্পের ফলে হলদিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষ—দুই ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। শিল্প ও বিনিয়োগের নতুন গন্তব্য হিসেবে হলদিয়ার গুরুত্ব আরও বাড়বে বলেই মত ওয়াকিবহাল মহলের।
এদিকে হলদিয়ায় শ্রমিকদের জন্য ট্রমা সেন্টার তৈরির কাজও এগোচ্ছে। ২০২৭ সালের জুন মাসে সেই ট্রমা সেন্টারের উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠান থেকেই হলদিয়ায় পেপসি-সহ আরও দু’টি নতুন শিল্প প্রকল্পের ঘোষণা করেন তিনি। একইসঙ্গে নদিয়ার হরিণঘাটায় রিলায়েন্স গোষ্ঠীর ক্যাম্পা কোলা প্ল্যান্ট তৈরির খবরও সামনে আসে।







