গ্রীষ্মের রুদ্ররূপ থেকে কবে নিস্তার পাবে কলকাতা? চাঁদিফাটা রোদ, সঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করতে করতে এখন এই প্রশ্নেরই উত্তর জানতে চান মহানগরের বাসিন্দারা। কিন্তু আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে দ্রুত রেহাইয়ের সম্ভাবনা কম।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির পূর্বাভাস এখনও নেই।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে। এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত। এর জেরেই আজ ও আগামীকাল বৃষ্টি চলবে। সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
ওদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।







