কেন্দ্র

৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের, নজরে পাহাড়ি রুট

ভারতীয় রেল এবার হাইড্রোজেন চালিত ট্রেনের সংখ্যা ও পরিধি বাড়ানোর পথে এগোচ্ছে। গত মাসেই হরিয়ানায় দেশের প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে জিন্দ থেকে সোনিপত পর্যন্ত প্রায় ৮৯ কিলোমিটার পথে পরিষেবা দিচ্ছে ট্রেনটি। যাত্রা শুরুর পর থেকে এখনও পর্যন্ত কোনও বড় সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটি ছাড়াই ২,৫০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে এই ট্রেন।

এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতেই হাইড্রোজেন ট্রেনের নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে ভারতীয় রেল। একইসঙ্গে জ্বালানি সংগ্রহের খরচ কীভাবে কমানো যায়, তা নিয়েও একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। রেল কর্তৃপক্ষের মতে, এই ধরনের ট্রেনের সংখ্যা বাড়াতে হলে প্রথমেই গ্রিন হাইড্রোজেনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। তাই বিভিন্ন ঐতিহ্যবাহী রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য নতুন সরবরাহকারী খোঁজার পাশাপাশি উৎপাদক সংস্থাগুলিকে নিশ্চিত চাহিদার বিষয়ে আশ্বস্ত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর ফলে হাইড্রোজেন উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদে জ্বালানির খরচও কমার সম্ভাবনা রয়েছে।

৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা

এই মুহূর্তে দেশে মাত্র একটি হাইড্রোজেন ট্রেন পরিষেবায় রয়েছে। তবে আগামী দিনে রেলের ঐতিহ্যবাহী বিভিন্ন রুটে মোট ৩৫টি হাইড্রোজেন চালিত ট্রেন চালুর প্রাথমিক পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত রুটগুলির বেশ কিছু পাহাড়ি এলাকায়। সেখানে সম্পূর্ণ রেলপথ বিদ্যুতায়িত করা তুলনামূলকভাবে কঠিন। ফলে ওইসব রুটে হাইড্রোজেন ট্রেন গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে।

গ্রিন হাইড্রোজেনে জোর কেন্দ্রের

হাইড্রোজেনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রিন হাইড্রোজেন উৎপাদনেও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইলেক্ট্রোলাইজার তৈরি এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে ২০২৯-৩০ সাল পর্যন্ত মোট ১৭,৪৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

দেশের অভ্যন্তরে গ্রিন হাইড্রোজেনের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানির সুযোগ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ২০৩০ সালের মধ্যে বছরে ৫০ লক্ষ মেট্রিক টন গ্রিন হাইড্রোজেন উৎপাদনের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.