শীতকাল মানে তরতাজা সব্জীর মরশুম। শীতের মরশুমে সব্জীর জন্য নির্ভর করতে হচ্ছে না বাজারের উপর। বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রী ও শিক্ষিকার দ্বারা চাষ করা টাটকা সব্জী দিয়েই রান্না হচ্ছে মিড ডে মিল এবং হোষ্টেল আবাসিকদের রান্না। এমনই চিত্র উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর ভেমুয়া আর টি উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসে শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রীদের যৌথ উদ্যোগে তৈরী করা হয়েছে কিচেন গার্ডেন। আর সেখানেই ফলছে বিভিন্ন সব্জী। টাটকা সব্জী দিয়েই তৈরী রান্নায় খুশি মিড ডে মিলের ছাত্রী থেকে হোষ্টেল আবাসিকরা। পুরো কর্মকান্ড দেখভাল করেন বিদ্যালয়েরই শিক্ষাকর্মী সমীর কুমার ভট্টাচার্য্য।
বিদ্যালয় প্রাঙ্গন শুধু নয়, স্কুল বিল্ডিং এর ছাদ জুড়ে লাগানো নানান সব্জী। ভেমুয়া আর টি উচ্চ বিদ্যালয়ে এই সব্জী চাষ এবছর প্রথম নয়, বিগত বেশ কয়েক বছর ধরেই চাষ হচ্ছে এই সব্জীর। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইন্দ্রানী ভট্টাচার্য্য জানান, বাগান করা বা বাগানের পরিচর্যা করা শিক্ষারই একটা অঙ্গ, আমাদের ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি আমরা সেই শিক্ষাও দিয়ে থাকি, মূলত আমাদের ছাত্রীরাই এই বাগান তৈরীর মূল উদ্যোগী।
শুধু বাগান নয়, এই স্কুল পঠন পাঠনের ক্ষেত্রেও একটু ব্যতিক্রমী। মাধ্যমিকের টেষ্ট পরীক্ষা হয়ে গেলেও, স্কুলের দালান জুড়ে শিক্ষক শিক্ষিকারা সন্তানসম স্নেহে ব্যস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং দিতে। স্কুলের এমন উদ্যোগে খুশি সমস্ত ছাত্রী থেকে তাদের অভিভাবকেরাও।







