গার্ডেনরিচের পর এবার ফের বিরাটিতে ভেঙে পড়লো নির্ণীয়মান বহুতল। ঘটনায় এক গৃহবধূর মাথায় বহুতলের এক টুকরো চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হলো তার। ৩ জন ঠিকাদারসহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ও বাকিদের তল্লাশি চলছে।
ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। ঘটনাস্থল, উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনি। মৃত কেয়া শর্মা ওই নির্মীয়মানের পাশেই থাকতেন। সেই সময় মোবাইলে কথা বলছিলেন তিনি আর তখনই ঘটে দুর্ঘটনাটি। ঘটনায় কেয়াদেবীর স্বামী সুদীপ শর্মা চৌধুরী ঠিকাদারদের বিরুদ্ধে সেই রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
এই প্রসঙ্গে এদিন সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি ভাবতাম, উপর মহল থেকে নির্দেশ দিলেই কাজ হয়ে যায়। কিন্তু সেটা যে হয় না, তা দেখতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না।’’
ফিরহাদ আরও জানান, ‘‘এ ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে এমন নিয়ম করব, যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে।’’
শনিবার দুর্গটনার পর রাতে স্থানীয় পুর প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মৃত মহিলার স্বামী। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘৮ ফুটের রাস্তায় কীভাবে চারতলা বহুতল নির্মাণ হয়? পাশেই স্থানীয় কাউন্সিলরের অফিস। তাঁর অনুমতি ছাড়া নিশ্চয়ই প্রোমোটার এই কাজ করার সাহস পাবেন না।’’
যদিও স্থানীয় কাউন্সিলর মহুয়া শীলের অবশ্য দাবি করেছিলেন, ‘‘বহুতল ভেঙে পড়েনি। নির্মীয়মান বিল্ডিং থেকে ইট খসে মাথায় পড়ে মহিলার মৃত্যু হয়েছে।’’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নির্মিয়মান বহুতলের নিচে দাড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছিলেন ওই মহিলা। আচমকাই তার মাথায় ভেঙে পরে ওই বহুতলের এক টুকরো চাঙড়। বহুতল নির্মাণের ক্ষেত্রে যেভাবে প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়, এক্ষেত্রে সেটি না থাকায় তার মৃত্যু হয়েছে। সেরমটা হলে হয়তো তার মৃত্যু ঠেকানো যেত বলে মনে করা হচ্ছে।







