নিজস্ব সংবাদদাতা: কলকাতার ময়দান অঞ্চলে অবস্থিত হাইকোর্ট ক্লাবের টেন্টে বৃহস্পতিবার বিকেলে ঘটল নজিরবিহীন ঘটনা। ক্লাবের সদস্যদের মধ্যে তীব্র বচসা থেকে শুরু করে রীতিমতো ধাক্কাধাক্কি ও হাতাহাতি পর্যন্ত পরিস্থিতি গড়ায়।
সূত্রের খবর, হাইকোর্ট ক্লাবে নতুন সদস্য নেওয়া হবে কি না— সেই প্রশ্নকে ঘিরেই শুরু হয় গোষ্ঠীকোন্দল। জানা গিয়েছে, আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ এক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি বিশেষ সভা ডেকে বাইরের আইনজীবীদের সদস্য হিসেবে যুক্ত করার চেষ্টা করছেন। এ নিয়ে আপত্তি জানান রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘনিষ্ঠ একাংশ আইনজীবী। তাঁদের দাবি, বেআইনিভাবে সভা ডাকা হয়েছে।
বিরোধিতা করতে গেলে প্রবীণ আইনজীবী আনসার মণ্ডল ও প্রসূন দত্তকে ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন তৃণমূলের লিগাল সেলের সদ্য নির্বাচিত আহ্বায়ক অনিত দাশ। এ ছাড়াও আগের কনভেনার তরুণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে।
উল্লেখযোগ্যভাবে, শুক্রবার হাইকোর্ট ক্লাবে একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগেই এমন অশান্তি ছড়িয়ে পড়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।
তৃণমূলের হাইকোর্ট আইনজীবী সেলের ভেতরের এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সংগঠন ও দলের ভাবমূর্তি নিয়েও কতটা চাপে পড়বেন নেতৃত্ব।







