বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ২৪ ঘণ্টাও কাটেনি, তার মধ্যেই ফের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার Sandeshkhali। মঙ্গলবার গভীর রাতে ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় দুই রাজনৈতিক গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভরত প্রসূন পুরকায়স্থ।
পুলিশ সূত্রে খবর, রাতে একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং সংঘর্ষের খবর পেয়ে ওসি ভরত প্রসূন পুরকায়স্থর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অভিযোগ, পুলিশ গ্রামে ঢুকতেই একটি বাড়ির ভিতর থেকে আচমকা গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। অন্ধকারের সুযোগ নিয়ে চলে এলোপাথাড়ি হামলা।
এই হামলায় ওসি-র পায়ে গুলি লাগে। তাঁর সঙ্গে থাকা এক মহিলা কনস্টেবল এবং আরও এক পুলিশকর্মীও গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামা Central Reserve Police Force-এর দুই জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার সকাল থেকে গোটা এলাকা কার্যত ছাউনি। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তল্লাশিতে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং তাজা বোমা। কারা হামলার সঙ্গে যুক্ত এবং কোথা থেকে অস্ত্র এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোট-পরবর্তী হিংসা ঠেকাতে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তার মধ্যেই এই হামলা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ি এলাকায় ১৪৪ ধারা জারির কথাও ভাবছে প্রশাসন।






