বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় শুক্রবার বেরিয়েছে রায়। সেই রায়কে কেন্দ্র করে খুশির মেজাজে প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দুজনেরই বক্তব্য, এই রায়ে তাঁদের নৈতিক সাফল্য প্রতিফলিত হয়েছে।
শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, বহু বছরের দাম্পত্য সম্পর্কে অপমান-অভিযোগের বোঝা টেনে নিয়ে চলা আর সম্ভব নয়। তাই তিনি চান উচ্চতর আদালতের দ্বারস্থ হয়ে সম্পর্কের ইতি টানতে। তাঁর কথায়, “যে সম্পর্কের আর কোনও মানে নেই, সেটার সুতোটুকু ছিঁড়ে ফেলার লড়াই চালিয়ে যাব। জীবনের দীর্ঘ আট বছরে বৈশাখীর সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটাই আমার সত্যিকারের শক্তি।”
তিনি আরও বলেন, ছেলে ঋষির সঙ্গে সম্পর্কেও তিক্ততা তৈরি হয়েছে। আদালতে ছেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোভন মন্তব্য করেন, “জৈবিকভাবে ও আমার সন্তান হলেও, আচরণে আমি ওকে ছেলে হিসেবে মানতে পারি না।” অন্যদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, রায়ে স্পষ্ট যে তাঁর জন্য শোভন-রত্নার সংসার ভাঙেনি। তাঁর কথায়, “এই রায় আমাদের সম্পর্কে কোনও পরিবর্তন আনেনি, বরং আরও দৃঢ় করেছে। ভালোবাসা না থাকলে সংসার টেকে না। আদালতও কোথাও বলেনি শোভনকে রত্নার কাছে ফিরে যেতে হবে।”
তিনি আরও জানান, ১২ সেপ্টেম্বর দিনটি তাঁদের কাছে বিশেষ তাৎপর্যের। আট বছর আগে ওই দিনেই শোভন তাঁকে প্রথমবার বলেন, বিবাহ বিচ্ছেদের পথে এগোবেন। সেই থেকেই দিনটিকে তাঁরা উদযাপন করেন। বৈশাখীর বক্তব্য, “আমাদের যতদিন জীবন থাকবে, শোভন-বৈশাখী নামটাও একসঙ্গে উচ্চারিত হবে।”







