শালবনি জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া আইনি রক্ষাকবচ প্রত্যাহার হতেই গ্রেফতার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার কালীঘাট এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় সিআইডি। আর সুমিতের গ্রেফতারির পরই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রবীণ বিধায়ক মদন মিত্র।
অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রা এবং একই সময়ে তাঁর আপ্তসহায়কের গ্রেফতারির ঘটনাকে একই সূত্রে দেখার চেষ্টা করেন মদন। তাঁর বক্তব্য, “অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তিনি ভালোভাবে চিকিৎসা করান, যাতে বারবার বিদেশে যেতে না হয়। কিন্তু সুমিতের গ্রেফতারির সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেক বিদেশে চলে গেলেন, আর সুমিতকে এখানে রেখে গেলেন। প্রশ্ন উঠছে, অভিষেকের এই বিদেশযাত্রাও কি আগে থেকেই ঠিক করা ছিল?”
এরপর অভিষেকের জীবনযাপন এবং তাঁর সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তোলেন মদন মিত্র। তাঁর দাবি, নিউ জার্সির লং আইল্যান্ডের মতো অত্যন্ত ব্যয়বহুল এলাকায় বিলাসবহুল ভিলায় থাকছেন অভিষেক, যেখানে বিশ্বের ধনকুবেরদের বসবাস। মদনের কথায়, একদিকে বাংলার বহু মানুষের ঘরবাড়ি জলে ভেসে গিয়েছে, অন্যদিকে চার্টার্ড বিমানে মার্কিন মুলুকে রাজকীয় জীবনযাপন চলছে। এই পরিস্থিতিতে নিউ জার্সির ওই ভিলার খরচ এবং অর্থের উৎস খতিয়ে দেখতে রাজ্য প্রশাসনের তদন্ত করা উচিত বলেও দাবি করেন তিনি।
কালীঘাট তৃণমূলের আর্থিক সামর্থ্য নিয়েও সরব হন প্রবীণ বিধায়ক। তাঁর প্রশ্ন, এত বিপুল অর্থের উৎস কোথায়? মদনের দাবি, “কালীঘাট তৃণমূল যে জায়গায় পৌঁছেছে, সেখানে দেশের বড় শিল্পপতিরাও এই শাখার বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতে ভয় পাবেন।” নিউ জার্সিতে এমন বিলাসবহুল বাড়ি ভাড়া বা নেওয়ার পিছনে কত অর্থ ব্যয় হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর অভিযোগ, বিপুল ক্ষমতার আড়ালে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
এদিকে, সুমিত রায়কে এর আগে ভবানী ভবনে ১১ বার হাজিরার জন্য তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁকে যাতে কোনওভাবেই পালানোর সুযোগ না দেওয়া হয়, সেজন্য নজরদারিতে ছিল বেঙ্গল এসটিএফ। সুমিতের ঠিকানা ছিল ১১৯ নম্বর কালীঘাট রোড। বৃহস্পতিবার সকালে ১২১ নম্বর কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়।
সিআইডির দাবি, একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তকারীদের সব প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। পাশাপাশি আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুমিত ফের আত্মগোপন করতে পারেন বলেও আশঙ্কা ছিল তদন্তকারীদের। তাই সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পর আর দেরি না করে তাঁকে হেফাজতে নেওয়া হয়।







