বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়ে আগামীকাল হতে চলেছে ছাত্রছাত্রীদের দ্বারা খাদ্য ও হস্তশিল্প উৎসব। আলাদা আলাদা কাউন্টারের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের তৈরী বিভিন্ন হাতের কাজ এবং তৈরী করা খাওয়ার এই স্টলে প্রদর্শনীর সাথে বিক্রির জন্য রাখবে। এই উৎসবকে ঘিরে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের চলছে তার চুড়ান্ত প্রস্তুতি। কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র জানান, কলেজে এই ধরনের উদ্যোগ এবার প্রথম। ছাত্রছাত্রীরা আগ্রহী হয়েই এই উৎসবে মেতে উঠবে। তিনি আরোও জানান শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীরা নয়, আগামীকাল কলেজের এই নতুন উদ্যোগকে দেখতে এবং ছাত্রছাত্রীদের তৈরী করা জিনিসপত্র ক্রয় করতে পারবেন বহিরাগত মানুষেরাও। কলেজের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে সবাইকে।
বলাবাহুল্য গ্রামের কলেজ হলেও পড়াশুনা থেকে শুরু করে বিভিন্ন দিকে পিংলা কলেজ অনেকটাই এগিয়ে। এধরনের নতুন উদ্যোগ সচরাচর দেখা যায় না। পিংলা কলেজে এবারেই প্রথম আয়োজিত হচ্ছে এই উৎসবের।
অধ্যক্ষ ডঃ চন্দ্র আরোও জানান ছাত্রছাত্রীদের এই ষ্টল থেকে বিক্রিত জিনিসের লভ্যাংশ জমা হবে কলেজ তহবিলে। কলেজ ওই টাকা প্রত্যন্ত এলাকায় শিক্ষার অগ্রগতি নিয়ে কাজ করা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেবে।
কলেজের পক্ষ থেকে এমন নতুন উদ্যোগ গ্রহন করায় খুশি ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষ।







