বলিউড অভিনেত্রী তথা হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছেন বলেই মনে হচ্ছে। গত বছর বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রবেশ করলেও, বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতিকে ঘিরে তাঁর দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, রাজনীতিতে এগিয়ে চলার মতো মনোভাব বা ইচ্ছা তাঁর নেই।
সমাজমাধ্যমে নিজের স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত কঙ্গনা দাবি করেন, তাঁর মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে। এমনকি, একটি বিষয়ে মত প্রকাশ করার পর দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফোনও পান তিনি। এরপর বাধ্য হয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিতে হয় তাঁকে। কঙ্গনার কথায়,”আমি বলেছিলাম, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি।”
‘ইমার্জেন্সি’ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করলেও বাস্তবে প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই বলেই জানান অভিনেত্রী। কঙ্গনার স্পষ্ট বক্তব্য,”প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা বা নিষ্ঠা আমার নেই। সমাজসেবারও কোনও অভিজ্ঞতা নেই। আমি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করি। বড় বাড়ি, দামি গাড়ি, হিরে আর সৌন্দর্যের প্রতি আমার আকর্ষণ আছে। এত বড় ত্যাগে আমি রাজি নই।”
তিনি আরও বলেন,”জানি না ঈশ্বর কেন আমাকে রাজনীতির পথে আনলেন। তবে আমি প্রার্থনা করি, যেন কোনও দিন প্রধানমন্ত্রী না হতে হয়।” প্রসঙ্গত, কঙ্গনার পরিচালনায় ও প্রযোজনায় নির্মিত তাঁর সাম্প্রতিক ছবি ‘ইমার্জেন্সি’ বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি। রাজনৈতিক মঞ্চে ভবিষ্যৎ নিয়েও তাই আপাতত অনিচ্ছুক বলেই ইঙ্গিত দিলেন কঙ্গনা রনৌত।







