নিজস্ব সংবাদদাতা: এবার তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী। গতকাল অর্থাৎ শনিবার ওয়ারঙ্গলের ঐতিহাসিক ভদ্রকালী মন্দিরেও যান নরেন্দ্র মোদী। সেখানে তিনি প্রায় ৬,১০০ কোটি টাকার বেশ কয়েকটি কাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি, এক জনসভায় ভাষণও দেন।
দুই ভোটমুখী রাজ্য তেলঙ্গানা এবং রাজস্থানে গিয়ে যথাক্রমে ৬১০০ কোটি এবং ২৪,৩০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মোদী। তেলঙ্গানায় গিয়ে প্রধানমন্ত্রীর রব, ‘আব কি বার, বিজেপি সরকার’। তেলঙ্গানার বিআরএস সরকারকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসাবে বর্ণনা করে মোদীর মন্তব্য, ‘কংগ্রেস এবং বিআরএস উভয়েই তেলঙ্গানার জন্য বিপজ্জনক’।
প্রধানমন্ত্রীর সংযোজন, ‘তেলঙ্গানা হয়তো নতুন রাজ্য। কিন্তু ভারতের ইতিহাসে এখানকার মানুষের অবদান অনস্বীকার্য। আজ যখন ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি, তেলঙ্গানার মানুষের ভূমিকা তাতে অনেকটাই’।
তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে অনুষ্ঠিত এক জনসভায় নরেন্দ্র মোদী দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ‘বংশবাদী রাজনৈতিক দলগুলি’-এর বিরুদ্ধে নিশানা হানেন৷ তিনি বলেন, ‘এই সমস্ত রাজবংশীয় দলের ভিত্তি দুর্নীতিতে রয়েছে, বংশবাদী কংগ্রেস দলের দুর্নীতি গোটা দেশ প্রত্যক্ষ করেছে, এবং সমগ্র তেলেঙ্গানা রাজ্যে বিআরএস-এর দুর্নীতির মাত্রা দেখছে, বিআরএস এবং কংগ্রেস উভয়ই বিপজ্জনক। তেলেঙ্গানার মানুষের জন্য’।







