২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযানের পরই প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য তৈরি হয় তেহরিক-ই-তালিবান-পাকিস্তান। পরে এই গোষ্ঠী একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে মিলে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দৌরাত্ম চালায়। এবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালিবান-পাকিস্তানের হামলায় নিহত হলেন পাক সেনার এক শীর্ষ আধিকারিক, মেজর মইজ আব্বাস শাহ। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন ল্যান্স নায়েক জিবরান।
বর্তমান জঙ্গি সংগঠনের প্রধান হলো নূর ওয়ালি মেহসুদ-সহ বহু নেতা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সহায়তায় জৈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-জাংভির শিবিরে প্রশিক্ষণ নিয়েছে বলে জানা গিয়েছে। তবে এবার গত মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানে গোয়েন্দাদের গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাক সেনা। সেই সময় তাঁদের উপস্থিতি বুঝতে পেরে আচমকাই হামলা চালায় জঙ্গি সংগঠন। সেই হামলায় প্রাণ যায় ২ পাক সেনা।
নিহত মেজর মইজ আব্বাস শাহ সেই ব্যক্তি, যিনি ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাক ভূখণ্ডে আটক করেছিলেন। পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় ভারতের বালাকোট এয়ারস্ট্রাইকের পর ওই ঘটনায় দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, মেজর মইজ দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে আসছিলেন। তাঁর সাহসিকতা ও দেশপ্রেমের জন্য তিনি বাহিনীতে সম্মানীয় ছিলেন। তবে এবার টিটিপি-র হামলাতেই তাঁর জীবনাবসান হল।
বিশ্লেষকদের মতে, এক সময় পাকিস্তান সরকারের প্রশ্রয়ে বেড়ে ওঠা এই জঙ্গি গোষ্ঠী বর্তমানে দাঁড়িয়ে নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। সেনাবাহিনী তরকে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে ও নিহত সেনাদের সম্মানে যথাযথ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে।







