মর্মান্তিক ঘটনা ঘটল হাওড়ার নিমতলা এলাকায়। আন্দুল রোডের ওপর একটি বাইক সারানোর গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ওই গ্যারেজের মালিক সন্দীপ দাস-এর। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাইক সারানোর সময় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময় কোনোভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় কিছু মানুষের অভিযোগ, ওই গ্যারেজে নাকি অবৈধভাবে কাটা তেল মজুত রাখা হতো। যদি এই অভিযোগ সত্যি হয়, তবে ধারণা করা হচ্ছে, সেই তেলের কারণেই আগুন এত দ্রুত ভয়াবহ আকার ধারণ করেছিল।
যে গ্যারেজটিতে আগুন লাগে, তার ঠিক পাশেই একটি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি দোকান ছিল। ফলে আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেই আশঙ্কা ছিল স্থানীয়দের মনে। তবে দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে আসল কারণ কী, তা খুঁজে বের করতে পুলিশ ফরেন্সিক দলকে ঘটনাস্থলে পাঠাচ্ছে বলে জানা গেছে।







