আজ প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এম গ্রুপের ম্যাচে পিভি সিন্ধুর মুখোমুখি হয়েছিলেন এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার। ম্যাচের শুরু থেকেই সিন্ধুর আধিপত্য ছিল দেখার মত। শেষ পর্যন্ত ম্যাচের স্কোর লাইন ২১-৫, ২১-১০। ফলে সহজেই ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।
ম্যাচের প্রথম গেম থেকেই সিন্ধুকে দারুন ছন্দে দেখায়। এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার তেমন চ্যালেঞ্জ সিন্ধুকে ছুঁড়ে দিতে পারেননি। গেমের শুরুতে ৮-০ এগিয়ে যায় সিন্ধু। যদিও তারপর কিছুটা লড়াই চালায় কুবার। তবে সব চেষ্টাই যেনো ব্যর্থ যায়। ৫ বারের বেশি সিন্ধুকে পরাস্ত করতে পারেননি তিনি।
তবে দ্বিতীয় গেমে কুবার ম্যাচে কিছুটা ফিরে আসেন। সিন্ধুকে কড়া প্রশ্ন করেন। যদিও সিন্ধুও পাল্টা জবাব দেয়। একটা সময় ফল ছিল ৬-৪। ঘাড়ে নিশ্বাস ফেলছিল কুবার। তবে সিন্ধুর পারদর্শিতার জোড়ে লিড বেড়ে দাঁড়ায় ১১-৬। শেষ পর্যন্ত ২১-১০ এ জিতে যান তিনি। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন পি ভি সিন্ধু।







