আবগারি দুর্নীতি মামলায় তৎপরতা আরো বাড়িয়েছে (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবগারি মামলায় ইতোমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, এক সাংসদ সহ এক বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। এর জেরে চাপে দিল্লির শাসক দল ( আপ )আম আদমি পার্টি । কেন্দ্রীয় এজেন্সির নিশানায় দিল্লির আরও এক মন্ত্রী কৈলাস গেহলট।শনিবার এই মামলায় তাঁকে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।
সূত্রের খবর, আবগারি আইনের খসড়া তৈরি নিয়ে দিল্লির স্বরাষ্ট্র-পরিবহণ তথা আইনমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরই গেহলটকে সমন পাঠানো হয়েছিল। এদিন ইডির দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সমন পাঠালে আবার হাজিরা দেব। তদন্তকারী সংস্থার দাবি, এই দুর্নীতির ঘটনায় আইনমন্ত্রীও যুক্ত ছিলেন। চার্জশিটে ইডি জানিয়েছে, নম্বর একই রাখলেও তিনবার আইএমইআই নম্বর বদলেছিলেন তিনি।
এদিকে, রাজধানীতে জল বোর্ডে আর্থিক অনিয়ম মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। ইডির অভিযোগ, জল বোর্ডে বিভিন্ন প্রকল্পে বরাত দেওয়ার বিনিময়ে মোটা টাকা ঘুষ নেওয়া হয়েছিল। সেই অর্থ দিল্লির ভোটে খরচ করেছিল আপ। দিল্লির আর্থিক তছরুপ বিরোধী আইন (পিএমএলএ) আদালতে জমা দেওয়া চার্জশিটে জল বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান জগদীশ কুমার অরোরা, কন্ট্রাকটর অনিলকুমার আগরওয়াল, এনবিসিসির প্রাক্তন জেনারেল ম্যানেজার ডিকে মিত্তলের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলার তদন্তে এর আগে কেজরিওয়ালকেও তলব করেছিল ইডি। কিন্তু, তিনি হাজিরা দেননি।







