বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক পরিষেবা সংস্থা ভিসা-র বড়সড় কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্তে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু কর্মী। সংস্থাটি বিশ্বজুড়ে মোট কর্মীসংখ্যার প্রায় ৭ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে প্রায় ২,৬০০ জন চাকরি হারিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় কর্মীও রয়েছেন।
সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে ছাঁটাইয়ের ধরন নিয়ে। সূত্রের দাবি, ২৯ জুলাই ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ইমেলের মাধ্যমে বহু ভারতীয় কর্মীকে চাকরি শেষ হওয়ার খবর জানানো হয়। দিনের শুরুতেই এমন বার্তা পেয়ে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন।
ভারতে ভিসার অফিস রয়েছে মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে। সংস্থায় তিন হাজারেরও বেশি ভারতীয় কর্মরত থাকলেও, কোন শহরে কতজন ছাঁটাই হয়েছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ছাঁটাইয়ের তালিকায় শুধু জুনিয়র কর্মীরাই নন, সিনিয়র ডিরেক্টর, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার-সহ উচ্চপদস্থ কর্মীরাও রয়েছেন। দীর্ঘদিন ধরে সংস্থার সঙ্গে যুক্ত অনেক কর্মীকেও চাকরি হারাতে হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে ১৫ থেকে ৩০ দিনের নোটিস দেওয়া হলেও, সেই সময়ের মধ্যেই সংস্থার অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ল্যাপটপ ও পরিচয়পত্রও জমা নিতে শুরু করেছে সংস্থা।
বিশেষজ্ঞদের মতে, এই কর্মীছাঁটাইয়ের অন্যতম কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র দ্রুত ব্যবহার বৃদ্ধি। ভিসার সিইও রায়ান ম্যাকইনার্নি জানিয়েছেন, ভবিষ্যতে সংস্থা আরও বেশি এজেন্ট-ভিত্তিক এআই প্রযুক্তি ব্যবহার করবে, যা মানুষের তত্ত্বাবধানে বিভিন্ন কাজ পরিচালনা করতে সক্ষম।
সংবাদসংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভিসার মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৩৪,১০০। সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে প্রতি ১৪ জন কর্মীর মধ্যে অন্তত একজন চাকরি হারিয়েছেন। প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের দিকে সংস্থাগুলির দ্রুত অগ্রসর হওয়ার প্রবণতা ভবিষ্যতে আরও কর্মীছাঁটাইয়ের আশঙ্কা তৈরি করছে।







