লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা করে কোনও নথির তালিকা এখনও প্রকাশ করা হয়নি। প্রশ্নোত্তর পর্বে গৃহ প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত জবাবে জানান, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং তার অধীনে তৈরি নিয়মাবলী অনুযায়ীই ভারতীয় নাগরিকত্ব নির্ধারিত হয়।
সিপিআই -এর সাংসদ সুধামা প্রসাদ জানতে চান –
১. নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে সরকার কোন কোন নথিকে বৈধ মনে করে? ২. গত ২৫ বছরে দেশে কত জন্ম সনদ দেওয়া হয়েছে? ৩. জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় কোন রাজ্যগুলিতে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে? প্রতিমন্ত্রী রাই জানান, নাগরিকত্ব পাওয়া যায় – জন্মসূত্রে,বংশসূত্রে, নিবন্ধনের মাধ্যমে, স্বাভাবিকীকরণের প্রক্রিয়ায়,অথবা ভূখণ্ডের অন্তর্ভুক্তির দ্বারা।
তবে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য, তা স্পষ্ট করেননি তিনি। শুধু গত ২৫ বছরের জন্ম নিবন্ধনের রাজ্যভিত্তিক পরিসংখ্যান সংসদে তুলে ধরেন। মৃত্যুর তথ্য বা কম কভারেজ নিয়ে আলাদা ব্যাখ্যা দেননি।
বিহারে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাইয়ের জন্য জন্ম সনদসহ ১১টি নথি অনুমোদিত হলেও আধার, ভোটার আইডি, রেশন কার্ডের মতো প্রচলিত নথি বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৬৫ লক্ষ মানুষ খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ। কিন্তু বাদ দেওয়ার কারণ কী, সে বিষয়ে প্রশাসন স্পষ্ট কিছু জানায়নি।
এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে আদালত মন্তব্য করে নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, বরং স্বরাষ্ট্র মন্ত্রকের। তবে কমিশন দাবি করেছে, নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা তাদের রয়েছে। এই টানাপোড়েনে বহু মানুষের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এক জনপ্রিয় প্রতিবেদনে উঠে এসেছে, আসামে বহু মুসলিম পরিবার উচ্ছেদের পর ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। তাদের ভোটার কার্ড কার্যত অকার্যকর হয়ে যাচ্ছে। কিন্তু নাগরিকত্ব প্রমাণে কোন নথি যথেষ্ট হবে, তা এখনও অমীমাংসিত। ফলে, কেন্দ্র যখন পরিষ্কারভাবে নথির তালিকা প্রকাশ করছে না, তখন বিহার থেকে আসাম দুই জায়গাতেই বিপুলসংখ্যক মানুষ ভোটাধিকার হারানোর ঝুঁকির মুখে পড়ছেন।







