জেলাদেশ

১৮ই আগস্ট ‘ভারতভুক্তি দিবস’: প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে, সরকারি স্বীকৃতির দাবি

স্বাধীনতার ৭৮ বছর পরও দক্ষিণবঙ্গের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ রয়ে গেছে ১৮ই আগস্ট। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হলেও নদিয়ার একাংশ— রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, শিবনিবাস এবং নবদ্বীপ— প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। দেশভাগের আঁকাবাঁকা সীমারেখায় দিশাহারা হয়ে পড়েছিলেন এখানকার মানুষ। সেই সময় শান্তিপুরের ভূমিপুত্র পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রর ঐতিহাসিক হস্তক্ষেপ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগিতায় ১৭ই আগস্ট গভীর রাতে ঘোষিত হয় এই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে। পরদিন, অর্থাৎ ১৮ই আগস্ট শান্তিপুর ডাকঘরের প্রাঙ্গণে কবি করুনানিধান বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন।

সেই ঐতিহাসিক দিনটিকেই আজ স্মরণ করা হয় ‘ভারতভুক্তি দিবস’ হিসেবে।

আজ সকালে শান্তিপুর ডাকঘরে নেতাজী মূর্তির পাদদেশে ভারতভুক্তি দিবস উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন হয়। অনুষ্ঠানে সুশান্ত মঠ, রজত প্রামাণিক, সঞ্জিত কাষ্ঠ সহ বহু বিশিষ্টজন অংশ নেন। প্রজন্মান্তরে এই দিনের তাৎপর্য পৌঁছে দিতে একটি পুস্তিকা প্রকাশের ঘোষণা করা হয়। পাশাপাশি নাচ, গান, আবৃত্তির মাধ্যমে দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামী ও নদিয়ার মহামানবদের স্মরণ করা হয়।

আয়োজকদের দাবি, শুধুমাত্র শান্তিপুর বা নদিয়ার গণ্ডি নয়, ১৮ই আগস্টকে সরকারি তত্ত্বাবধানে বিদ্যালয়-কলেজে উদযাপন করা হোক। তাদের মতে, স্বাধীনতার প্রকৃত স্বাদ এই অঞ্চলে এসেছিল ১৮ই আগস্টেই।

ক্রমশই ব্যাপ্তি লাভ করছে এই উদযাপন— শান্তিপুর ছাড়িয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ বিভিন্ন অঞ্চলেও দিনটি স্মরণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.